বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ-২০২৬
২৩ বছর একটা প্রজন্মেরও বেশী সময়। এই সময়ে টেস্ট ক্রিকেটের কুলীন সদস্য ক্যাঙ্গারুদের দেশে যাওয়া হয়নি বাউল সুরের বাংলাদেশের, কারণ একটাই তা হল ছোট দেশ, খেলতে পারবেনা এমন নানা অযুহাত আরও কত কি! অবশেষে বাংলাদেশ সুযোগটা দারুন ভাবে কাজে লাগালো প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে (ডারউইন টেস্ট জিতে)। যে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখাই এক সময় দূর আকাশের তারা ছোঁয়ার মতো দুঃস্বপ্ন বলে মনে হত, সেখানে রচিত হল এক অমর কাব্য। অহংকার আর বিশ্বসেরার তকমা গায়ে জড়ানো ক্যাঙ্গারু বাহিনীর বুক চিরে ১-১ সমতায় শেষ হলো ঐতিহাসিক টেস্ট সিরিজ। এই সিরিজ কেবল কোনো পরিসংখ্যানের হিসাব নয়; এটি লাল-সবুজের ক্রিকেট ইতিহাসে এক বুক ভরা শ্বাস নেওয়ার গল্প, ক্যাঙ্গারুর দেশ রক্তিম সূর্যোদয়, টেস্ট সিরিজ ড্র সোনালী ভোরের নতুন দিগন্ত।

বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতা যেখানে আমাদের কাছে দীর্ঘদিনের আক্ষেপ ছিল, সেখানে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিপক্ষে তাদেরই চেনা কন্ডিশনে লড়াই করা ছিল অগ্নিপরীক্ষার মতো। পরীক্ষায় যেন পাশ না করি, তাই ভেন্যু করা হয়েছে অস্ট্রেলিয়ার অপরপ্রান্তে, করা হয়নি মেলবোর্ন কিংবা সিডনি বা পার্থে কিন্তু আমাদের ছেলেরা শুধু ক্রিকেট খেলেনি, খেলেছে হৃদয়ের সমস্ত আবেগ আর বিশ্বাস উজাড় করে। ডারউইনের সেই স্মরণীয় টেস্টে প্রতিপক্ষের শক্ত দুর্গ গুঁড়িয়ে দেওয়ার মহাকাব্যিক জয়টি কেবল একটি ম্যাচ জেতা ছিল না; তা ছিল ২০ কোটি মানুষের বহুদিনের জমানো দীর্ঘশ্বাসকে আনন্দাশ্রুতে রূপান্তরের এক অভাবনীয় মুহূর্ত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট সিরিজ ড্রয়ের প্রাপ্তি অনেক গভীরের উপলব্ধি। এটি আমাদের শিখিয়েছে ভয়কে জয় করে কীভাবে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে দাঁড়িয়ে চোখ মেলতে হয়। তাই এই জয় তরুণদের ভেতরে বুনে দিয়েছে সেই অমিত আত্মবিশ্বাস- “আমরাও পারি, বিশ্বসেরাদের ডেরায় গিয়েই ইতিহাস গড়ে ছিনিয়ে আনতে জয়।” পেস ইউনিটের আক্রমনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বিভ্রান্ত হওয়া আর আমাদের বোলার ও ব্যাটারদের সাহসী লড়াইয়ের প্রতিটি মুহূর্ত প্রমাণ করেছে, এই বাংলাদেশ আর পেছনের সারির কোনো দল নয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয়ের পরতে পরতে লেখা থাকবে হাসান মাহমুদের পেস কর্তৃত্ব, তানজিদ তামিমের আগ্রাসী ব্যাটিং, নাজমুল শান্তর অধিনায়কত্ব, তাসকিনের পাশাপাশি শরিফুলের দায়িত্ব নেওয়ার ইঙ্গিত, মেহেদি মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্স ও টেইল এন্ডারদের নিয়ে হার না মানা ব্যাটিং লড়াই আর দলীয় চেতনায় প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করা।

সারকথা: ক্রিকেটের অভিজাত সংস্করণে আজ বাংলাদেশ যেন নতুন করে নিজের পরিচয় লিখেছে। দূর পরবাসের সেই চেনা সবুজ ঘাসে আজ কেবল প্রতিপক্ষের আধিপত্যের স্মৃতি নেই, জড়িয়ে রইল টাইগারদের ঘাম, রক্ত আর বুক ভরা জেদের গল্প। তাই এই ড্র ই শেষ কথা নয় এই জয় বিশ্বক্রিকেটে লাল-সবুজের নতুন রাজত্বের সোপান। ক্যাঙ্গারুর দেশে রচিত এই টেস্ট রূপকথা যুগের পর যুগ পথ দেখাবে বাংলাদেশের ক্রিকেটকে, প্রেরণা যোগাবে আগামী প্রজন্মকে।


