অস্ট্রেলিয়ায় টপএন্ড টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। রোববার ডারউইনের মারারা স্টেডিয়ামে হোবার্ট হারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়েছে তারা। জয়ের পথে ব্যাট হাতে ৪৫ বলে ৫৯ রান করে বড় অবদান রেখেছেন সাব্বির রহমান। বল হাতে আবারও আলো ছড়িয়েছেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল, পেয়েছেন ৩ উইকেট।
শেষ দিকে সাকলাইন ও আবু হায়দার দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেও ম্যাচের মোড় ঘোরানো কাজটা করেছেন রুবেল ও সাব্বির। আগের দিন নেপাল ‘এ’ দলের বিপক্ষে ৪ উইকেট নেওয়া রুবেল এ দিনও হোবার্টের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন।
টস জিতে ব্যাটিংয়ে নেমে হোবার্ট ২০ ওভারে ১৫৩ রান করে। চার নম্বরে নেমে ৫৩ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন টিগ উয়াইলি। এই সম্ভাবনাময় ব্যাটসম্যান কিছুদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন।
তাঁর ব্যাটেই মূলত বড় সংগ্রহের পথে এগোয় হোবার্ট। ১২ ওভার শেষে দলটি পৌঁছে যায় প্রায় একশ রানে। তবে মাঝের ওভারগুলোতে রুবেলের স্পিনে আটকে যায় তাদের রানের গতি। এমনকি ১৫তম ওভারে উইকেট মেডেনও নেন তিনি।
হোবার্টের অধিনায়ক টিম ওয়ার্ড করেন ১৪ বলে ১৫ রান। শেষ দিকে রাফ ম্যাকমিলান ১৭ বলে করেন ১১ রান। উয়াইলির অপরাজিত ৭৮ রানের ইনিংসে ভর করে হোবার্ট দেড়শ পার করলেও সেই সংগ্রহ জয়ের জন্য যথেষ্ট হয়নি।
১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ এইচপি। ইনিংসের পঞ্চম বলেই অফ স্পিনার রাফ ম্যাকমিলানকে স্লগ করতে গিয়ে আউট হন হাবিবুর রহমান সোহান। আগের ম্যাচেও ব্যর্থ হওয়া এই আগ্রাসী ব্যাটসম্যান টানা দ্বিতীয় ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি।
পরের ওভারে কেসি বার্টনের বলে মিড অফে ক্যাচ দেন আরিফুল ইসলাম। আগের ম্যাচে জয়সূচক জুটিতে ফিফটি করা জিসাম আলমও এ দিন বেশিক্ষণ টিকতে পারেননি।
সেই বিপর্যয়ের মধ্যে রানের চাকা সচল রাখেন সাব্বির। ক্রিজে এসেই সোজা ব্যাটে চার মেরে শুরু করেন তিনি। পরে ব্যাটের কানায় লেগে থার্ডম্যান দিয়ে আরও দুটি চার পান। এরপর দুর্দান্ত এক পুল শটে বল পাঠান গ্যালারিতে।
অধিনায়ক ইরফান শুক্কুরও যখন থার্ডম্যানে ক্যাচ দেন, বাংলাদেশ এইচপির স্কোর তখন ৬০ রানে ৪ উইকেট। সেখান থেকে পঞ্চম উইকেটে শামীম হোসেনকে নিয়ে ৪৬ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান সাব্বির।
তবে জুটিতে মূল ভূমিকা ছিল সাব্বিরেরই। শামীম ২৪ বল খেলে করেন মাত্র ১৬ রান। সাব্বির ৩৬ বলে ফিফটি পূর্ণ করেন। কিন্তু এরপর ইনিংসটিকে বড় করতে পারেননি। আউট হওয়ার সময় বাংলাদেশ এইচপির জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ ওভারে ৪০ রান।
এরপর লোয়ার মিডল অর্ডারে দায়িত্ব নেন এসএম মেহেরব ও সাকলাইন। সপ্তম উইকেটে ২১ বলে ২৯ রানের জুটি গড়ে তাঁরা দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষের আগের ওভারে মেহেরব আউট হলেও সাকলাইন ও আবু হায়দার বাকি কাজ শেষ করেন। সাকলাইন ১৩ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
এর আগে বল হাতেও অবদান রাখেন এই দুজন। প্রথম ওভারেই জেইক ডোরানকে ফিরিয়ে দেন আবু হায়দার। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭৬ রান করা অভিজ্ঞ কিপার-ব্যাটারকে এ দিন দ্রুত ফিরিয়ে দেন তিনি। আরেক ওপেনার ব্র্যাডলি হোপ ১৭ বলে ২২ রান করে সাকলাইনের স্লোয়ারে বোল্ড হন।
শেষ পর্যন্ত হোবার্টের ১৫৩ রান পেরিয়ে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এইচপি।
টানা তৃতীয় দিনেই পরের ম্যাচ খেলতে নামবে এইচপি দল। সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টায় ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে মাঠে নামবে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
হোবার্ট হারিকেন্স একাডেমি: ২০ ওভারে ১৫৩/৭
বাংলাদেশ এইচপি: ১৯.৪ ওভারে ১৫৫/৭
ফল: বাংলাদেশ হাইপারফরম্যান্স দল ৩ উইকেটে জয়ী।


