পাড়িক্কালের টানা দ্বিতীয় সেঞ্চুরি, প্রথম দিন ভারতের

টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে গেলেন দেবদত্ত পাড়িক্কাল। কলম্বোর এসএসসি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারত ৫ উইকেটে ৩০০ রান করেছে। ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন পাড়িক্কাল।

দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নতুন করে তৈরি উইকেটে প্রথম দুই-তিন দিন ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা থাকায় ভারতীয় অধিনায়ক শুভমান গিলের সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করেন ব্যাটসম্যানরা।

পাড়িক্কালের ইনিংসটি গড়ে ওঠে একাধিক গুরুত্বপূর্ণ জুটিতে। শুভমান গিলের সঙ্গে তাঁর ১২০ রানের জুটি ভারতের ইনিংসকে মজবুত ভিত্তি দেয়। পরে রবীন্দ্র জাদেজার সঙ্গে যোগ করেন আরও ৭৪ রান।

তবে শ্রীলঙ্কার শুরুটা আরও ভালো হতে পারত। ইনিংসের প্রথম বলেই ক্যাচের সুযোগ দিয়ে বেঁচে যান পাড়িক্কাল। এরপর এক রানেও আরেকটি সুযোগ দিয়েছিলেন তিনি। দুটি সুযোগই কাজে লাগাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। পরে সেই সুযোগের পূর্ণ মূল্য আদায় করেন ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান।

উইকেট শিকারের পর লাহিরু কুমারা

ভারতের অন্য ব্যাটসম্যানদের মধ্যে যশস্বী জয়সওয়াল শুরুটা ভালো করেও বড় ইনিংস খেলতে পারেননি। কেএল রাহুলও সেট হওয়ার পর উইকেট বিলিয়ে দেন। গিল ও জাদেজা দুজনই অর্ধশতক করলেও শতকের পথে এগোতে পারেননি।

দিনের শেষ সেশনে কিছুটা স্বস্তি ফেরে শ্রীলঙ্কা শিবিরে। কেশারা নুয়ান্থার দ্রুতগতির বলে বোল্ড হন পাড়িক্কাল। পরে আসিথা ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে জাদেজার ইনিংসেরও সমাপ্তি ঘটে। জাদেজা এর আগে হাতে বলের আঘাত পান এবং পরে একই হাতে ক্র্যাম্পের সমস্যায়ও পড়েন।

আসিথা ৪৬ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার। লাহিরু কুমারা ও নুয়ান্থা নেন একটি করে উইকেট। কুমারার একটি শর্ট বলের আঘাতে ঋষভ পন্তকে মাঠ ছাড়তে হয়।

৩৬টি বাউন্ডারিতে সমৃদ্ধ দিনের শেষে ভারতের হয়ে ক্রিজে অপরাজিত আছেন অভিষিক্ত সারাংশ জৈন ৪ ও ধ্রুব জুরেল ৭ রানে। প্রথম দিনের লড়াইয়ে ব্যাটিংয়ের অনুকূল কন্ডিশনের সর্বোচ্চ সুবিধা নিয়ে শক্ত অবস্থানেই ভারত।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles