বাংলাদেশে এক দিনের সফর শেষে ফিরে গেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের প্রতিনিধি দল। গতকাল ঢাকায় এসে তারা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রতিনিধি দলটি।
প্রতিনিধি দলের সফর নিয়ে আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিলের কর্মকর্তারা। তবে দুই ভেন্যুর ড্রেসিংরুম, টেকনিক্যাল রুম এবং স্টেডিয়ামে প্রবেশ ও বের হওয়ার পথে নিরাপত্তা গেটের অবকাঠামো আরও উন্নত করা প্রয়োজন বলে মনে করেছেন তাঁরা। এসব উন্নয়ন স্বল্প সময়ের মধ্যেই করা সম্ভব বলেও মত দিয়েছেন ব্রাজিলের প্রতিনিধিরা।
গতকালই ঢাকা ছেড়েছে প্রতিনিধি দলটি। সফর শেষে তারা ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে একটি প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে বাফুফের সঙ্গে যোগাযোগ করবে ব্রাজিল ফেডারেশন। এরপর দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে আনুষ্ঠানিক সভা হবে। সেই সভায় বাংলাদেশকে ব্রাজিলে খেলতে আমন্ত্রণ এবং বাংলাদেশে ব্রাজিলের ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে আয়োজনের বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধি দলের সফরের আগে থেকেই বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা চলছে। বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সভাপতির সঙ্গে গতকাল বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। দুই ফেডারেশন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে সামনে কাজ করবে।’
ব্রাজিল আগামী ৬ অক্টোবর ঢাকায় একটি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে বাফুফে। তবে এমন একটি ম্যাচ আয়োজন করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। এ বিষয়ে শাহীন বলেন, ‘ভালো কোনো উদ্যোগের জন্য অর্থ তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের সভাপতি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। ক্রীড়ামন্ত্রী ও সরকারের পক্ষ থেকেও সহায়তা নেওয়া হবে। এ রকম ম্যাচ করতে হলে সরকারের সহায়তা নিয়েই করতে হবে।’
ব্রাজিলের প্রতিনিধি দলের ইতিবাচক মূল্যায়নের পর এখন তাদের প্রতিবেদনের দিকে তাকিয়ে আছে বাফুফে। সেই প্রতিবেদনের ভিত্তিতে দুই ফেডারেশনের পরবর্তী আনুষ্ঠানিক আলোচনা হবে। আর সেই আলোচনাতেই পরিষ্কার হতে পারে, ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিলের ম্যাচ আয়োজনের পরিকল্পনা কতটা এগিয়েছে।


