দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের সিরিজে বিশ্বকাপে চোখ হৃদয়ের

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের সামনে এখন ব্যস্ত সূচি। আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচের আগে দলে এসেছে ছয়টি পরিবর্তন। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে দুই দল।

চার দিনের ম্যাচে অধিনায়ক না থাকলেও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। বুধবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর চোখ এখন শুধু এই সিরিজে ভালো করার দিকে নয়, আগামী বিশ্বকাপের প্রস্তুতিতেও।

দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের সফর এবং সামনে বিশ্বকাপ-দুটিকে মাথায় রেখেই ‘এ’ দলের হয়ে কাজে লাগাতে চান হৃদয়। তিনি বলেন, ‘সাউথ আফ্রিকায় আমাদের সামনে জাতীয় দলের সফর আছে এবং বিশ্বকাপ আছে, সবকিছু বিবেচনা করেই চেষ্টা করব যতটুকু প্রস্তুতি নেওয়া যায় ওখানে।’

‘এ’ দলের হয়ে খেলার সময় ব্যক্তিগত লক্ষ্যকে বড় করে দেখছেন না হৃদয়। বরং দলের জন্য অবদান রাখাই তাঁর মূল লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ দলের খেলা হোক বা জাতীয় দলের বা এলাকার খেলা হোক, চেষ্টা থাকে যে সব সময় দলের জন্য যতটুকু অবদান করা যায়। এ দলে আমার নিজস্ব কোনো লক্ষ্য নাই। আমি প্রতিটি ম্যাচ বা প্রতিটি দিন উপভোগ করার চেষ্টা করি।’

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট। পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে।

দক্ষিণ আফ্রিকা সফরকে তাই কেবল ‘এ’ দলের সিরিজ হিসেবেই দেখছেন না হৃদয়। জাতীয় দলের ভবিষ্যৎ ব্যস্ততা ও বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফরকে কাজে লাগাতে চান বাংলাদেশের এই ব্যাটার।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles