১৫ মাস নিষিদ্ধ আমিরাতের ক্রিকেটার আসিফ খান

ডোপিংয়ের দায়ে সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞ ব্যাটার আসিফ খানকে ১৫ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক বিবৃতিতে বৃহস্পতিবার এই শাস্তির বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০২৫ সালের সেপ্টেম্বরে নেওয়া ডোপ পরীক্ষায় আসিফের শরীরে নিষিদ্ধ উপাদান মাস্টারলোনের মেটাবোলাইট শনাক্ত হয়। আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের ২.১ ধারা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা)–এর সঙ্গে কেস রেজুলেশন চুক্তিতে সম্মত হওয়ায় এই শাস্তির বিরুদ্ধে আসিফের আপিল বা পুনর্বিবেচনার সুযোগ নেই। নিষেধাজ্ঞাটি কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে। এটি শেষ হবে ২০২৬ সালের ৭ ডিসেম্বর।

তবে ২০২৬ সালের ৮ অক্টোবর থেকে দলের অনুশীলনে যোগ দিতে পারবেন আসিফ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন ৮ ডিসেম্বরের পর।

নিষেধাজ্ঞার মেয়াদের শুরু থেকে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে অর্জিত আসিফের সব ব্যক্তিগত পরিসংখ্যান, পদক, পয়েন্ট ও প্রাইজমানিও বাতিল করা হয়েছে। এর ফলে ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত, ওমান ও পাকিস্তানের বিপক্ষে খেলা তাঁর শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্সও ক্যারিয়ারের রেকর্ড থেকে বাদ যাবে।

পাকিস্তানের সাবেক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আসিফ ২০২২ সালের মার্চে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের হয়ে ওয়ানডেতে অভিষেক করেন। এখন পর্যন্ত দেশটির হয়ে ৩৮টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles