ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি দিয়েছিল পিসিবি!

ইমরান খানের দুই ছেলে সুলেমান খান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করা নিয়ে ইংল্যান্ডের সঙ্গে সাময়িক টানাপোড়েন তৈরি হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। সাক্ষাৎকারটি সম্প্রচার করা হলে চলমান লর্ডস টেস্টসহ ইংল্যান্ড সফরের বাকি ম্যাচ বয়কট করার হুমকি দিয়েছিল পিসিবি। তবে শেষ পর্যন্ত ম্যাচ বয়কটের মতো কোনো ঘটনা ঘটেনি।

অবাক করার মতো বিষয় হলো, পাকিস্তান দলের কোচ সরফরাজ আহমেদ নাকি এ বিষয়ে কিছুই জানতেন না।

লর্ডস টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টস ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাসিমের একটি সাক্ষাৎকার সম্প্রচার করে। সাক্ষাৎকারটি প্রচার করা হলে লর্ডস টেস্ট এবং তিন ম্যাচের সিরিজের বাকি অংশ বাতিল করার সম্ভাবনার কথা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) জানিয়েছিল পিসিবি।

তবে পিসিবির আপত্তি সত্ত্বেও সাক্ষাৎকারটির প্রথম অংশ সম্প্রচার করে স্কাই স্পোর্টস। এরপর মধ্যাহ্নভোজের বিরতি শেষে যথারীতি মাঠে নামে পাকিস্তান দল। ফলে ম্যাচ বয়কটের হুমকি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি।

শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে পাকিস্তান কোচ সরফরাজকে প্রশ্ন করা হয়। তিনি অবশ্য বিষয়টি সম্পর্কে নিজের অজ্ঞতার কথা জানান।

সরফরাজ বলেন, ‘আমি কিছুই জানি না। আমি শুধু ম্যাচ নিয়েই মনোযোগ দিচ্ছি। আপনি সাক্ষাৎকারটির কথা বলছেন? আমরা সাক্ষাৎকারটি সম্পর্কে কিছুই জানি না।’

প্রথম দিনের বিকেলের সেশনে পাকিস্তানের খেলোয়াড়েরা মাঠে ফিরবেন কি না, তা নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে সরফরাজ বলেন, ‘সবাই ঠিক আছে। তখন আমরা মধ্যাহ্নভোজ করছিলাম।’

ইমরান খান বর্তমানে পাকিস্তানের কারাগারে বন্দী। ৭৩ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডার পাকিস্তানের হয়ে ২১ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ১৯৯২ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে পাকিস্তান।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন ইমরান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় কারাবন্দী আছেন ইমরান। তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অবশ্য তিনি অস্বীকার করেছেন। কয়েকটি মামলায় তাঁর স্ত্রীও কারাদণ্ড পেয়েছেন।

ইমরানের ছেলে সুলেমান ও কাসিমের সাক্ষাৎকারটি নিয়েছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লর্ডসের প্যাভিলিয়নে আগে ধারণ করা ওই সাক্ষাৎকারে তাঁরা তাঁদের বাবার সঙ্গে আচরণ এবং তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ইমরান খানের বিষয়ে যুক্তরাজ্য সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তাঁরা।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন। ফলে ইমরানপুত্রদের সাক্ষাৎকার সম্প্রচারকে পাকিস্তান সরকারবিরোধী অবস্থান বা প্রচারণা হিসেবে বিবেচনা করেছিল পিসিবি। সেই কারণেই সাক্ষাৎকারটি প্রচার করা হলে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট ও সিরিজের বাকি ম্যাচ বয়কটের হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles