এশিয়ান প্যারা গেমসের ক্যাম্প পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু

এশিয়ান প্যারা গেমস ২০২৬ সামনে রেখে ঢাকায় চলছে বাংলাদেশের প্যারা অ্যাথলেটদের নিবিড় প্রস্তুতি। সেই প্রস্তুতি কার্যক্রম দেখতে জাতীয় স্টেডিয়ামে চলমান প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি’র পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

শনিবার, ২৯ আগস্ট জাতীয় স্টেডিয়ামে প্যারা অ্যাথলেটদের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় ক্যাম্পে অংশ নেওয়া অ্যাথলেটদের সঙ্গে কথা বলেন ইসরাফিল খসরু। তাদের প্রশিক্ষণের অগ্রগতি ও প্রস্তুতির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি এশিয়ান প্যারা গেমসে দেশের জন্য সাফল্য বয়ে আনার লক্ষ্যে অ্যাথলেটদের উৎসাহ দেন তিনি।

আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের জন্য নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দৃঢ় মনোবলের ওপর গুরুত্ব দেন বিসিবি পরিচালক। অ্যাথলেটদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও আত্মনিবেদনের প্রশংসা করে তিনি বলেন, নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার কথাও তুলে ধরেন ইসরাফিল খসরু। বিশেষ করে প্যারা স্পোর্টসের উন্নয়নে আরও কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার কথা জানান তিনি। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট, হুইলচেয়ার ক্রিকেটসহ বিভিন্ন প্যারা খেলার উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি, এনপিসি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম, সহ-সভাপতি মো. সানোয়ার হোসেন, মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, উপ-মহাসচিব মো. হেদায়তুল আজিজ, কোষাধ্যক্ষ মো. আসিফুল হাসান মাসুদ এবং নির্বাহী সদস্য মো. আনোয়ার কবির চৌধুরী ও মো. সাইফ উদ্দিন।

এনপিসি বাংলাদেশের কর্মকর্তারাও অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি আসন্ন এশিয়ান প্যারা গেমসে দেশের জন্য সম্মানজনক ফল অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ দেন।

এশিয়ান প্যারা গেমস সামনে রেখে এনপিসি বাংলাদেশের তত্ত্বাবধানে চলছে এই নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম। যথাযথ প্রস্তুতি, কঠোর পরিশ্রম ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে এবারের আসরে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে বলে প্রত্যাশা করছে এনপিসি বাংলাদেশ।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles