আলভারেজকে ছাড়াই সেভিয়াকে উড়িয়ে আতলেতিকোর জয়

হুলিয়ান আলভারেজকে ছাড়াই দারুণ এক জয় তুলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। শনিবার সেভিয়ার মাঠে ৩-১ গোলে জিতে লা লিগায় অপরাজিত থাকার যাত্রা অব্যাহত রেখেছে দিয়েগো সিমিওনের দল। আলভারেজকে ঘিরে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের মধ্যেই ম্যাচের স্কোয়াডে না থাকায় নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ।

বৃহস্পতিবার আতলেতিকো স্পষ্ট করে জানিয়েছিল, আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি করার কোনো পরিকল্পনা তাদের নেই। কিন্তু সপ্তাহের বেশির ভাগ সময় সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার ওপর লা লিগার প্রথম ম্যাচের স্কোয়াডে জায়গা না পাওয়ার পর গত রবিবার দলের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলে আতলেতিকো সমর্থকদের একাংশের দুয়োও শুনতে হয়েছিল তাকে।

সেভিয়ার বিপক্ষে অবশ্য আলভারেজ ছিলেন না বেঞ্চেও। তার অনুপস্থিতিতে আতলেতিকোর আক্রমণভাগের দায়িত্ব সামলান আলেক্স বায়েনা ও আদেমোলা লুকম্যান। আর প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে বায়েনার গোলে এগিয়ে যায় আতলেতিকো। ডান দিক থেকে লি কাং-ইন বল নিয়ে ভেতরে ঢুকে চমৎকার থ্রু পাস বাড়ান বায়েনার উদ্দেশে। কোনাকুনি অবস্থান থেকে প্রথমবারের শটেই সেভিয়ার গোলরক্ষক ওদিসেয়াস ভ্লাচোদিমোসকে পরাস্ত করেন বায়েনা। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকম্যান। পাবলো বারিওসের কাছ থেকে বাম দিকে বল পেয়ে গোলের দিকে শট নেওয়ার ভঙ্গি করেন তিনি। পরে জায়গা বদলে কাছের পোস্ট দিয়ে দূরপাল্লার শটে বল জালে পাঠান।

এর সাত মিনিট পর আবারও গোল বায়েনার। মার্কোস ইয়োরেন্তের পাস পেয়ে বক্সের প্রান্তে বল নিয়ন্ত্রণ করেন তিনি। সেভিয়ার রক্ষণভাগ তাকে আটকানোর বদলে পিছিয়ে যেতে থাকে। সেই সুযোগে নিচু শটে গোল করে নিজের জোড়া পূর্ণ করেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

৩-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেভিয়া। ৬৭ মিনিটে গ্যাব্রিয়েল সুয়াজোর ক্রস ঠিকমতো সামলাতে না পারার সুযোগে মিগেল সিয়েরা বাম পায়ের ভলিতে একটি গোল শোধ করেন। কিন্তু এরপর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ে তিন ম্যাচে আতলেতিকোর পয়েন্ট হলো সাত। মৌসুমের শুরুতে মালাগার বিপক্ষে জয় এবং ভিয়ারিয়ালের সঙ্গে ড্রয়ের পর সেভিয়ার বিপক্ষেও পূর্ণ পয়েন্ট পেল তারা। ম্যাচ শেষে আলভারেজ প্রসঙ্গে সিমিওনে বিষয়টিকে ‘ব্যক্তিগত প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করেন। আর্জেন্টাইন তারকাকে সহায়তা করার পাশাপাশি তার কাছ থেকে দলও সহযোগিতা প্রত্যাশা করছে বলে জানান তিনি।

গোলের পর আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের উল্লাস

অন্যদিকে বায়েনার পারফরম্যান্সে সন্তুষ্ট সিমিওনে। তার ভাষায়, বায়েনা এখন ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো খেলোয়াড় হয়ে উঠছেন। বিশ্বকাপের অভিজ্ঞতা তার আত্মবিশ্বাস ও আনন্দ বাড়িয়েছে বলেও মন্তব্য করেন আতলেতিকো কোচ।

তবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মঙ্গলবার ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে কিছু ঘটতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে সিমিওনে শুধু বলেছেন, ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে।

ফলে সেভিয়ার বিপক্ষে আতলেতিকোর ৩-১ জয় যতটা স্বস্তির, তার চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে আলভারেজের অনুপস্থিতি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles