রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার স্বপ্ন নিয়ে ইউএস ওপেনে নেমেছিলেন নোভাক জোকোভিচ। তবে নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে সেই স্বপ্নের শুরুতেই বড় ধাক্কা খেলেন সার্বিয়ান তারকা। শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করেও ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে পাঁচ সেটের লড়াইয়ে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাঁকে।
জোকোভিচের হারটা এসেছে ৬-৭, ৭-৫, ৬-৪, ২-৬, ১-৬ গেমে। ম্যাচের শুরু থেকেই তাঁর শারীরিক অস্বস্তি চোখে পড়ছিল। নিউইয়র্কের গরম ও আর্দ্র আবহাওয়ায় বারবার মাথায় আইসব্যাগ দিতে দেখা যায় ৩৯ বছর বয়সী এই তারকাকে। প্রতিকূল আবহাওয়ার কারণে স্টেডিয়ামের ছাদ বন্ধ হওয়ার পরও স্বস্তি পাচ্ছিলেন না তিনি। একপর্যায়ে এসি চালানোর অনুরোধও করেন ম্যাচের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে।
তৃতীয় সেটে জোকোভিচের শারীরিক সমস্যা আরও বেড়ে যায়। ষষ্ঠ গেমে কয়েকবার বমি করেন তিনি। টুর্নামেন্টের একজন ফিজিও তাঁকে ওষুধ দেন। কোর্টসাইডে থাকা তাঁর দলও বারবার তরল পান করানোর চেষ্টা করে। ততক্ষণে ম্যাচ গড়িয়েছে চার ঘণ্টার কাছাকাছি।
এত কিছুর পরও অবশ্য লড়াই ছাড়েননি জোকোভিচ। প্রথম সেটের টাইব্রেকে হারের পর দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে ম্যাচে ফিরেছিলেন তিনি। নাভোনের বিপক্ষে তখন ম্যাচ জয়ের খুব কাছেই চলে গিয়েছিলেন ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা।
কিন্তু সেখান থেকে ম্যাচের চিত্র বদলে দেন নাভোনে। চতুর্থ সেটে নিয়ন্ত্রণ নিয়ে ৬-২ গেমে জিতে ম্যাচকে নিয়ে যান নির্ধারণী পঞ্চম সেটে। সেখানে আর ঘুরে দাঁড়ানোর শক্তি ছিল না জোকোভিচের। দ্রুত ৪-১ গেমে পিছিয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত ৬-১ গেমে সেটটি জিতে ক্যারিয়ারের অন্যতম বড় জয় তুলে নেন নাভোনে।
ম্যাচ শেষ হওয়ার আগেই জোকোভিচের শরীরী ভাষায় হতাশা স্পষ্ট হয়ে উঠেছিল। শেষ সেটে পরাজয় নিশ্চিত হওয়ার পর কোর্টেই কেঁদে ফেলেন তিনি। গ্যালারিতে থাকা স্ত্রী জেলেনাকেও তখন বিচলিত দেখা যায়।
দীর্ঘ সময় ধরে গরম, পানিশূন্যতা ও অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে হলো জোকোভিচকে। একই সঙ্গে শেষ হলো গ্র্যান্ড স্লামে তাঁর দীর্ঘ প্রথম রাউন্ড-জয়ের ধারাও।
নাভোনের কাছে হারের আগে গ্র্যান্ড স্লামে টানা ৭৮টি প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছিলেন জোকোভিচ। সর্বশেষ ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে হেরেছিলেন তিনি। সেবার তাঁকে হারিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পল গোল্ডস্টেইন।


