আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় আবেগাপ্লুত ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের পর মেসির সতীর্থ ও সাবেক সতীর্থরা জানিয়েছেন গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা। কেউ বলেছেন ‘সর্বকালের সেরা’, কেউ আবার মেসিকে আখ্যা দিয়েছেন ‘চিরন্তন’ কিংবদন্তি হিসেবে।
মেসির দীর্ঘদিনের সতীর্থ ও ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য আনহেল ডি মারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আকাশি-সাদা জার্সিতে আর মেসিকে দেখা যাবে না, এটা মেনে নেওয়া কঠিন। মেসিকে দেখতে, উপভোগ করতে এবং এত বছর জাতীয় দলে তাঁর সঙ্গে খেলতে পারাটাকে নিজের সৌভাগ্য বলেও উল্লেখ করেন দি মারিয়া।
মেসির আরেক সতীর্থ রদ্রিগো ডি পলও আবেগ ধরে রাখতে পারেননি। ইন্টার মায়ামিতেও মেসির সঙ্গে খেলছেন তিনি। দে পল মেসিকে ‘সর্বকালের সেরা’ বলে উল্লেখ করে জানান, তাঁদের এত আনন্দ দেওয়ার জন্য মেসির প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তাঁর ভাষায়, মেসি ‘চিরন্তন’।
আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরোও শ্রদ্ধা জানিয়েছেন অধিনায়ককে। মেসির প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতার কথা জানিয়ে রোমেরো বলেন, তাঁর এবং দেশের জন্য মেসি যা দিয়েছেন, তার জন্য তিনি সবসময় কৃতজ্ঞ থাকবেন। অধিনায়কের প্রতি জানান ‘চিরন্তন কৃতজ্ঞতা’।
মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টিনা জাতীয় দলও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় দলটি মেসিকে ‘চিরন্তন ধন্যবাদ’ জানিয়ে বলেছে, জীবনের শেষ দিন পর্যন্ত তারা তাঁকে ভালোবাসবে।
শুধু সতীর্থরাই নন, মেসির অবসর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি মেসিকে ‘অবিশ্বাস্য মানুষ’ হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারকে অভূতপূর্ব বলে প্রশংসা করেছেন। তাঁর মতে, মেসি লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন এবং ফুটবলের সৌন্দর্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।
সবচেয়ে আবেগঘন বার্তাগুলোর একটি এসেছে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর কাছ থেকে। মেসির পুরো যাত্রার পাশে থাকতে পারাকে নিজের জন্য বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছেন তিনি। মেসির সব স্বপ্ন পূরণ হওয়ার গল্পকে প্রাপ্য বলেও মন্তব্য করেন আন্তোনেলা। শেষে ভালোবাসায় জানান, তারা মেসিকে অসীম ভালোবাসেন।
একজন ফুটবলারের বিদায়কে ঘিরে এমন সর্বব্যাপী আবেগই বলে দিচ্ছে, মেসি শুধু আর্জেন্টিনার একজন অধিনায়ক নন; তিনি বিশ্ব ফুটবলের এক অনন্য অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জয়সহ অসংখ্য স্মৃতি রেখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন তিনি। কিন্তু সতীর্থদের ভাষায়, মেসি বিদায় নিলেও তিনি থেকে যাবেন ‘চিরন্তন’ হয়েই।


