‘লিও, তুমি সর্বকালের সেরা’মেসিকে বিদায়ী বার্তা লিসান্দ্রোর

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। সাদা-আকাশি জার্সিতে আলবিসেলেস্তেদের হয়ে সর্বোচ্চ গোল, সর্বাধিক অ্যাসিস্ট ও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন তিনি।

মেসির বিদায়ের ঘোষণায় আবেগঘন হয়ে পড়েছেন তাঁর সতীর্থরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক স্মৃতিচারণা ও ভালোবাসার বার্তা দিচ্ছেন আর্জেন্টিনার ফুটবলাররা। এবার সেই তালিকায় যোগ দিলেন দলের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় লিসান্দ্রো জানান, মেসির বিদায়ের জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তবে তাঁর চোখে এই বিদায়ও ছিল একজন রাজার মতোই।

লিসান্দ্রো লিখেছেন, ‘সত্যি বলতে, ভীষণ মন খারাপ লাগছে। এমন একটি বিদায়ের জন্য কেউ কখনো প্রস্তুত থাকে না। তবে হৃদয়ের গভীর থেকে তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি শুধু আমার কাছেই নও, পুরো বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত। মাঠে যেমন তুমি জয়ী, জীবনেও তেমনি সফল।’

মেসির সঙ্গে একই দলের হয়ে খেলতে পারাকে নিজের জন্য বিশেষ সৌভাগ্য হিসেবেও উল্লেখ করেছেন ‘দ্য বুচার’খ্যাত এই ডিফেন্ডার। নিজের কন্যার কথাও তুলে ধরে তিনি লিখেছেন, ‘আমার মেয়ে ভবিষ্যতে এটা ভেবে অত্যন্ত গর্বিত হবে যে, তার বাবা এত অসাধারণ একজন মানুষের সঙ্গে একই দলে খেলেছে।’

বার্তার শেষাংশে মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা অ্যাথলেট হিসেবে অভিহিত করেন লিসান্দ্রো। তাঁর ভাষায়, ‘তুমি ক্রীড়া ইতিহাসের সর্বকালের সেরা অ্যাথলেট। কারণ ফুটবলের কথা বললে সত্যি বলতে, তোমার সঙ্গে অন্য কারও কোনো তুলনা হয় না। তোমাকে অনেক অনেক ভালোবাসি।’

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে তাঁর পাশে থাকা সতীর্থদের এমন আবেগঘন বার্তাই যেন আরও স্পষ্ট করে দিচ্ছে—আর্জেন্টিনার ফুটবলে মেসির শূন্যতা পূরণ করা কতটা কঠিন।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles