দক্ষিণ আফ্রিকা সফরের ‘এ’ দলে চমক মিঠুন

দীর্ঘদিন পর বাংলাদেশের কোনো দলে ফেরার সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজের স্কোয়াডে অভিজ্ঞ এই ক্রিকেটারকে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাওহিদ হৃদয়কে অধিনায়ক করে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী রোববার শুরু হবে সিরিজ। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ সেপ্টেম্বর।

মিঠুনের দলে ফেরাটাই এবারের স্কোয়াডের সবচেয়ে বড় চমক। গত চার বছর বাংলাদেশের কোনো দলের হয়ে খেলার সুযোগ পাননি ৩৫ বছর বয়সী এই ব্যাটার। সর্বশেষ ২০২২ সালে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে অবশ্য নিয়মিতই দেখা গেছে মিঠুনকে। গত জুনে ঢাকা প্রিমিয়ার লিগে ঢাকা লিওপার্ডের অধিনায়ক ছিলেন তিনি। ১১ ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে ৩২১ রান করেন এই উইকেটকিপার–ব্যাটার।

লিস্ট ‘এ’ ক্রিকেটেও মিঠুনের অভিজ্ঞতা কম নয়। এখন পর্যন্ত ২৪০ ম্যাচ খেলে তাঁর রান ৬ হাজার ৭৪২। চারটি সেঞ্চুরির পাশাপাশি আছে ৪৮টি ফিফটি। ব্যাটিং গড় ৩৩.২১।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চলমান দ্বিতীয় চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন হৃদয়। জাতীয় দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। চারদিনের ম্যাচের দলে থাকা বেশির ভাগ ক্রিকেটারকেই ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে।

মিঠুনের সঙ্গে ওয়ানডে সিরিজের জন্য নতুন করে দলে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম ও সাইফ হাসান।

বাংলাদেশ ‘এ’ দল

মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, জাকের আলি, মোহাম্মদ মিঠুন, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, আল ফাহাদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles