নারী এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের মারুফা আক্তার ও সোবহানা মোস্তারি। আইসিসির সাপ্তাহিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুজনেরই। ব্যাটিং ও অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ করে এগিয়েছেন স্বর্ণা আক্তারও।
মঙ্গলবার প্রকাশিত মেয়েদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন মারুফা। ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ৭১ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তিন ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন রাবেয়া খান। তিনি আছেন ২০তম স্থানে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩ উইকেট নেওয়া নাহিদা আক্তার অবশ্য দুই ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন। অন্যদের অবনতির সুযোগে এক ধাপ এগিয়ে যৌথভাবে ৪৬ নম্বরে আছেন সুলতানা খাতুন। বোলারদের তালিকার শীর্ষে আছেন ভারতের শ্রী চারানি।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও বাংলাদেশের জন্য সুখবর এসেছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৪২ বলে ৪০ রান করেছিলেন সোবহানা। ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। এই পারফরম্যান্সে এক ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন তিনি।
স্বর্ণাও পেয়েছেন র্যাঙ্কিংয়ে উন্নতির সুফল। ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ১৮ বলে অপরাজিত ৩১ রান করেন তিনি। একটি ছক্কা ও তিনটি চার ছিল তাঁর ইনিংসে। এতে ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে যৌথভাবে ৫৪ নম্বরে উঠেছেন স্বর্ণা।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও দুই ধাপ উন্নতি হয়েছে স্বর্ণার। রাবেয়া খানের সঙ্গে যৌথভাবে ৩১ নম্বরে আছেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অবশ্য শীর্ষস্থান ধরে রাখতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০ রান করা নিগার দুই ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমেছেন। ব্যাটারদের তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
এদিকে র্যাঙ্কিংয়ের তিন বিভাগেই ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ৪৮ রান করে ব্যাটারদের তালিকায় ৭৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান ধরে রেখেছেন তিনি।
একই ম্যাচে বল হাতে একটি উইকেট নেওয়ায় বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠেছেন আতাপাত্তু। এই বিভাগে তাঁর রেটিং পয়েন্ট ৫২২। আর অলরাউন্ডারদের তালিকায় ৪০৫ পয়েন্ট নিয়ে আগের মতোই তৃতীয় অবস্থানে আছেন শ্রীলঙ্কার এই তারকা।


