বিশ্বকাপে এবার আর কোনো দলকে আলাদা করে ফেভারিট বলতে পারছেন না লিওনেল স্কালোনি। ঐতিহ্যবাহী বা শক্তিশালী দলগুলোকেও প্রতিটি ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে বলে মনে করেন আর্জেন্টিনা কোচ।
ডালাসে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপ সবার জন্যই ভীষণ কঠিন। এখানে আর কোনো স্পষ্ট ফেভারিট নেই।’
গ্রুপ পর্বে টানা তিন জয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও নকআউটের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বড় ধাক্কা খেতে বসেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে হয় আর্জেন্টিনাকে।
শুধু আর্জেন্টিনাই নয়, অন্য বড় দলগুলোর অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক ছিল না। গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট রানার্সআপ ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়েছে পেনাল্টিতে পাওয়া গোলে।
পর্তুগালের বিপক্ষে স্পেনের জয় এসেছে নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ে। পরপর দুই দিন হেরে বিদায় নিয়েছে ব্রাজিল ও পর্তুগাল। এর আগে রাউন্ড অব ৩২ থেকে ফিরেছে জার্মানি ও নেদারল্যান্ডস।
প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়ে তো গ্রুপ পর্বই পেরোতে পারেনি। এসব উদাহরণ টেনে স্কালোনি বলেন, এবার কোনো ফেভারিট দল নেই।
“বিশ্বকাপে আগে যেমন আমরা দেখতাম… কোনো জাতীয় দলকেই এবার স্পষ্ট ফেভারিট বলা যাচ্ছে না। আগের আসরগুলোর তুলনায় এবার পরিস্থিতিও অনেক ভিন্ন।”
‘চার-পাঁচটি দলকে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হলেও, তারা এখনও বিশ্বকাপের আগে আমরা যে ধরনের ফুটবল প্রত্যাশা করি, সেই মানের পারফরম্যান্স দেখাতে পারেনি।’
‘খেলোয়াড়দের এরই মধ্যে অনেক ম্যাচের ধকল জমে গেছে। তাই হয়তো আমরা যে মানের ফুটবল দেখতে অভ্যস্ত, সেটা দেখা যাচ্ছে না। পাশাপাশি ভ্রমণ, গরম আবহাওয়া, মাঠের অবস্থা, ঘাস- সব মিলিয়ে নিজের শ্রেষ্ঠত্ব দেখানো কঠিন হয়ে পড়ছে।’
তবে নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি। ‘আমাদের পারফরম্যান্স গ্রহণযোগ্য। আমরা চারটি ম্যাচই জিতেছি, এটিই সন্তুষ্ট হওয়ার মতো বিষয়। তবে জিতলেও উন্নতির সুযোগ সব সময় থাকে।’


