তিন ফরম্যাট নিয়ে নতুন টুর্নামেন্ট, ঘোষণা আসতে পারে সেপ্টেম্বরে

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেট-তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় এনে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বোর্ড। আগামী নভেম্বরেই এই প্রতিযোগিতার প্রথম আসর মাঠে গড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে নতুন টুর্নামেন্টটির নাম এখনো চূড়ান্ত হয়নি। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, ২৫ বা ২৬ সেপ্টেম্বরের দিকে বড় পরিসরে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। তাঁর দাবি, পরিকল্পনার প্রায় ৮৫ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন নিয়মকানুন ও অন্যান্য সাংগঠনিক বিষয় চূড়ান্ত করার কাজ চলছে।

নতুন ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে ক্রিকেটার ড্রাফটে। টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটের জন্য আলাদা সময়ে ড্রাফট না করে তিন ফরম্যাটের ক্রিকেটারদের ড্রাফট একসঙ্গেই করার পরিকল্পনা করেছে বিসিবি। তবে ড্রাফট একসঙ্গে হলেও তিন ফরম্যাটের ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে না। বছরের ভিন্ন ভিন্ন সময়ে তিন সংস্করণের প্রতিযোগিতা আয়োজন করা হবে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, জাতীয় লিগের টি-টোয়েন্টি, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের ক্রিকেট ও বিসিএল ওয়ানডেকে একটি প্যাকেজের আওতায় এনে ছয়টি দল গঠন করা হবে। পরে দলগুলোর স্পনসরশিপ বা মালিকানা করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করা হবে। বিসিবি নিজে কোনো দল পরিচালনা করবে না।

নতুন টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদেরও খেলানোর পরিকল্পনা রয়েছে। তবে জাতীয় দলের ব্যস্ত সূচি, বিশ্রাম ও খেলোয়াড়দের ওয়ার্কলোড বিবেচনা করেই তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

ঘরোয়া ক্রিকেটে দর্শকদের আগ্রহ ফিরিয়ে আনা এবং প্রতিযোগিতার পরিবেশ আরও শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। তামিম ইকবালের আশা, নতুন এই কাঠামোর মাধ্যমে দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন আকর্ষণ তৈরি হবে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles