এশিয়ান হকি ফেডারেশনের মেনস জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শুক্রবার চীনে অনুষ্ঠিত ‘পুল বি’-এর উদ্বোধনী ম্যাচে একসময় ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশের যুবারা।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে পিছিয়ে পড়েও দ্রুত ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। মো. ইসলাম ফিল্ড গোল করে স্কোরলাইন ১-১ করেন।
দ্বিতীয় কোয়ার্টারে আরও দারুণ সুযোগ তৈরি করে বাংলাদেশ। ম্যাচের ২৬তম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেহেদী হাসান অভি। ফলে দ্বিতীয় কোয়ার্টার শেষে লিড নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
তবে বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। তৃতীয় কোয়ার্টারে আক্রমণের গতি বাড়িয়ে দেয় চীন। ৪৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা।
এরপর ম্যাচের শেষ কোয়ার্টারে বাংলাদেশের ওপর আরও চাপ বাড়ায় চীন। ৫৩তম মিনিটে ফিল্ড গোল করেন সান জিংরান। তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চীন। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। ফলে অন্তত এক পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।
চীনের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের সামনে দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর পুল বি-এর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৮ সেপ্টেম্বর কাজাখস্তান এবং ৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা।
১০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য অন্তত ষষ্ঠ স্থান অর্জন করা। ষষ্ঠ স্থান নিশ্চিত করতে পারলে আসন্ন এফআইএইচ মেনস জুনিয়র অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।
এবারের আসরটি জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের নবম অংশগ্রহণ। এর আগে এই প্রতিযোগিতায় বাংলাদেশের সেরা সাফল্য এসেছিল ১৯৯৬ সালে। সেবার সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজের দল।


