কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম দফায় দুর্দান্ত পারফরম্যান্সের পর হাসান মাহমুদকে আবারও দলে পেতে চেয়েছিল কেন্ট। ফেরার ম্যাচেই দলের প্রত্যাশার প্রতিদান দিলেন বাংলাদেশের এই পেসার। উস্টারশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে কেন্টকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ লিড।
ক্যান্টারবুরিতে ম্যাচের প্রথম ইনিংসে ৬৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হাসান। তাঁর বোলিংয়ে উস্টারশায়ারের ইনিংস থেমেছে ২১৭ রানে। এর আগে কেন্ট প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৩৮ রানে। ফলে বড় কোনো সংগ্রহ দাঁড় করাতে না পারলেও ২১ রানের লিড পেয়েছে স্বাগতিকেরা।
প্রথম দিনেই নতুন বলে উস্টারশায়ারকে শুরুতে চাপে ফেলে দেন হাসান। দুর্দান্ত ফর্মে থাকা জেইক লিবিকে ফিরিয়ে দেন দারুণ এক ডেলিভারিতে। দুই স্টাম্পই উড়িয়ে দেন তিনি। দুই সংস্করণ মিলিয়ে আগের সাত ম্যাচে পাঁচ সেঞ্চুরি ও এক ফিফটি করা লিবি এবার ১৮ রানেই থেমে যান।
পরের বলেই নতুন ব্যাটসম্যান রেহান এডাভালাথকে ফিরিয়ে দেন হাসান। এরপর তৃতীয় উইকেটে ড্যানিয়েল লেইটগ্যান ও অ্যাডাম হোস ৯৯ রানের জুটি গড়ে উস্টারশায়ারের ইনিংসকে সামলে নেন। একপর্যায়ে ২ উইকেটে ১২৫ রান তুলে ফেলেছিল তারা।
লেইটগ্যানকে ৫৯ রানে ফিরিয়ে জুটি ভাঙেন ম্যাট মিল্নস। এরপর ৫০ রান করা হোসকে আউট করেন কিথ ডাজন। হাসান নিজের তৃতীয় উইকেট হিসেবে ফেরান ম্যাথু ওয়েটকে। পরে শেষ ব্যাটসম্যান অ্যাডাম ফিঞ্চকে আউট করে উস্টারশায়ারের ইনিংসের ইতি টানেন বাংলাদেশের এই পেসার।
২১ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে আরও ভালো অবস্থানে চলে গেছে কেন্ট। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রান। ইংল্যান্ড টেস্ট দল থেকে জায়গা হারানো ওপেনার জ্যাক ক্রলি করেছেন ৫৪ রান। আর অভিজ্ঞ ব্যাটসম্যান স্যাম নর্থইস্ট দিন শেষ করেছেন ৯৬ রানে অপরাজিত থেকে।
ডিভিশন টু থেকে ডিভিশন ওয়ানে ওঠার লড়াইয়ে কেন্টের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে কেন্ট, চতুর্থ স্থানে উস্টারশায়ার।
কাউন্টিতে এবার প্রথম দফায় গত জুনে কেন্টের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন হাসান। সেই দুই ম্যাচে তাঁর শিকার ছিল ১২ উইকেট। এরপর টি-টোয়েন্টি ব্লাস্টেও কেন্টের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি।
বাংলাদেশের আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ এই ম্যাচে কেন্টের একাদশে সুযোগ পাননি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রতি ম্যাচে সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারে একটি দল। হাসানের সঙ্গে এই ম্যাচে কেন্টের একাদশে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কিথ ডাজন। চলতি মৌসুমে ১১ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন তিনি।


