শেষ হলো চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ

১৯টি ক্লাবের ২৭৯ জন খেলোয়াড়ের অংশগ্রহণে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘অষ্টম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ’। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, চীনের সাথে সুসম্পর্ক আরও দৃঢ় করতে সরকার ‘স্পোর্টস ডিপ্লোমেসি’কে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং কেবল উশু নয়, সকল খেলাধুলার মানোন্নয়নে চীনের সহায়তা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মার্শাল আর্টের মূল কেন্দ্রবিন্দু হিসেবে চীনকে আখ্যা দিয়ে তিনি উশুর পাশাপাশি তায়কোয়ান্দো, কারাতে ও জুডোকেও সমান্তরালে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু জানান, তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তুলে আনাই এই টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতিযোগিতায় জিতি সার্ভিস ইভেন্টে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ আর্মি এবং দ্বিতীয় স্থান বর্ডার গার্ড বাংলাদেশ। জিতি সিভিল ইভেন্টে চাইনিজ উশু স্কুল প্রথম এবং রাজশাহী ডিস্ট্রিক্ট স্পোর্টস অর্গানাইজেশন দ্বিতীয় হয়। ডিসপ্লে ইভেন্টে প্রথম স্থান লাভ করে মডার্ন মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার এবং দ্বিতীয় হয় রাজশাহী ডিস্ট্রিক্ট স্পোর্টস অর্গানাইজেশন।

এছাড়া ডিসপ্লে সার্ভিস টিম ইভেন্ট এবং ডুইলিয়ান সার্ভিস টিম ইভেন্ট-উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আর্মি এবং রানার্স-আপ হয় বর্ডার গার্ড বাংলাদেশ। ডুইলিয়ান সিভিল ইভেন্টে কক্সবাজারের চাইনিজ উশু স্কুল প্রথম ও আব্দুল জলিল চৌধুরী মার্শাল আর্ট একাডেমি দ্বিতীয় স্থান অধিকার করে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles