চাইনিজ তাইপের পর পাকিস্তানও বাংলাদেশের সামনে দাঁড়াতে পারল না। একের পর এক গোল করে নারী জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
হুলুনবুইরে রোববার পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে কনা আক্তার-নাদিরা এমাররা। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। নবম মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন লনিমা নুপুর। দ্বিতীয় কোয়ার্টারে নাদিরা এমার গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ব্যবধান আরও বাড়ান রিমন সারিকা। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন তিনি। তিন গোল হজমের পর অবশ্য একটি গোল শোধ করে পাকিস্তান।
তবে এরপর আর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে কনা আক্তার গোল করে ব্যবধান ৪-১ করেন। চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে আইরিন রিয়া গোল করলে ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের তৃতীয় ম্যাচ মঙ্গলবার। ওই ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে তারা।


