বড় পরীক্ষায় ক্যাম্প ন্যুর মাঠ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপীয় অভিযান শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আবহাওয়া পূর্বাভাস ভাবিয়ে তুলেছে বার্সা কর্তৃপক্ষকে।
কাতালান আবহাওয়া সংস্থা বুধবার সকালে বাইজ লোব্রেগাত ও বার্সেলোনেস এলাকায় ভারী বৃষ্টির বিষয়ে সতর্কতা জারি করেছে। ছয় মাত্রার সতর্কতা ব্যবস্থায় এটি ৪ নম্বর স্তরের সতর্কতা। পূর্বাভাস অনুযায়ী, মাত্র তিন ঘণ্টায় ৯০ লিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো বাতাসের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়ার সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে যা বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে। ফলে বার্সেলোনার যুব দলই প্রথম এই বৈরী আবহাওয়ার মুখোমুখি হবে। বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় জোহান ক্রুইফ স্টেডিয়ামে ফেইনুর্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনার ‘জুভেনাইল এ’ দল। ম্যাচটি দুই দলেরই উয়েফা ইয়ুথ লিগ অভিযান শুরু করবে।
তবে মূল দলের ম্যাচ নিয়ে আপাতত বড় কোনো শঙ্কা নেই। বার্সেলোনা ও ফেইনুর্ডের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটি শুরু হবে স্প্যানিশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। যা বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ততক্ষণে ভারী বৃষ্টির মূল ধাক্কা কেটে যাওয়ার কথা এবং পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হতে পারে।
তাই বৃষ্টি ম্যাচটি সরাসরি বাধাগ্রস্ত করার সম্ভাবনা কম। তবে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে স্পটিফাই ক্যাম্প ন্যুর মাঠের অবস্থা। অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টির পানি জমলে স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার ওপর বড় চাপ পড়তে পারে।
ম্যাচ শুরুর আগে মাঠ প্রস্তুত করার জন্য গ্রাউন্ড স্টাফদের হাতে কয়েক ঘণ্টা সময় থাকবে। এই সময়ে অতিরিক্ত পানি সরিয়ে মাঠকে খেলার উপযোগী করে তোলাই হবে তাদের প্রধান চ্যালেঞ্জ।
সব মিলিয়ে ফেইনুর্ডের বিপক্ষে ইউরোপীয় অভিযানের প্রথম ম্যাচে বার্সেলোনার জন্য প্রতিপক্ষের পাশাপাশি প্রকৃতিও হয়ে উঠতে পারে বাড়তি পরীক্ষা। আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলেও ভারী বৃষ্টির পর মাঠ কতটা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে, সেটিই এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


