ফেডারেশন কাপের ড্র: এক গ্রুপে খেলবে গত আসরের ফাইনালিস্ট কিংস ও মোহামেডান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে ভবনে ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলো ২০২৬-২৭ ফুটবল মৌসুমের ফেডারেশন কাপের। ড্রয়ের ফলাফলে টুর্নামেন্টের শুরুতেই রোমাঞ্চকর লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। গত আসরের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব একই গ্রুপে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, রেকর্ড শিরোপাধারী ঢাকা আবাহনী পড়েছে তুলনামূলকভাবে অনেকটাই সহজ গ্রুপে।

‘বি’ গ্রুপ: শক্তির লড়াইয়ে কিংস ও মোহামেডান চলতি আসরের ‘বি’ গ্রুপটিকে বিবেচনা করা হচ্ছে প্রতিযোগিতার সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ গ্রুপ হিসেবে। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে কিংস তাদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছিল। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিংস ও ১১ বারের চ্যাম্পিয়ন মোহামেডান মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্বেই।

মোহামেডান সবশেষ ২০২২-২৩ মৌসুমে ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল। এই দুই জায়ান্ট ছাড়াও গ্রুপে আছে শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব এবং ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। এদের মধ্যে আরামবাগ ২০১৬ সালে রানার্সআপ হয়েছিল এবং ওয়ান্ডারার্স বহু আগে ১৯৮৭ সালে একবারই ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল।

‘এ’ গ্রুপ: শক্ত অবস্থানে আবাহনী টুর্নামেন্টের সর্বাধিক ১২ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী স্থান পেয়েছে ‘এ’ গ্রুপে। ঐতিহ্য ও শক্তিমত্তার বিচারে তাদের গ্রুপ পর্বের পথ কিছুটা সহজ বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। আবাহনীর সঙ্গী হিসেবে রয়েছে ফর্টিস এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এবং চট্টগ্রাম সিটি।

আবাহনী সবশেষ ২০২১-২২ মৌসুমে টুর্নামেন্টের শিরোপা জিতেছিল। এরপর টানা দুই আসরে ফাইনালে উঠলেও ২০২৩ সালে মোহামেডান এবং সবশেষ মৌসুমে কিংসের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এই গ্রুপের অন্য দলগুলোর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন ২০১৫ সালে শিরোপা জিতেছিল এবং রহমতগঞ্জ ২০২১-২২ আসরের ফাইনাল খেলেছিল। বাকি দলগুলোর ফাইনাল খেলার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই।

বাফুফের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর থেকে মাঠের লড়াইয়ে গড়াচ্ছে ২০২৬-২৭ মৌসুমের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। দেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াইয়ে মাঠের পারফরম্যান্স দেখতে এখন ফুটবলপ্রেমীদের চোখ মাঠের দিকে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles