দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম ওয়ানডে হয়েছিল মাত্র ১১ ওভার। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজে শেষ ম্যাচটিই হয়ে উঠেছিল অঘোষিত ফাইনাল। সেই ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ১৮২ রানে অলআউট হয়। জবাবে ১৮৩ রানের লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল পেরিয়ে যায় ৫ উইকেট হারিয়ে।

রান তাড়ায় শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই আসে ৯২ রান। দুই ওপেনারই তুলে নেন ফিফটি। সাইফ হাসান ৫৩ বলে ৬১ রান করেন। মোহাম্মদ নাঈম শেখ ৭৭ বলে করেন ৬০ রান।

এরপর পারভেজ হোসেন ইমন ১৭, নুরুল হাসান সোহান ১৬ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৩ রান করে আউট হন। তবে শেষ পর্যন্ত কোনো বিপদ হতে দেননি আফিফ হোসেন ও রিশাদ হোসেন। আফিফ ৬ ও রিশাদ ৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে আলিস আল ইসলাম ও রিশাদ হোসেনের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকেরা।

দক্ষিণ আফ্রিকার প্রথম সারির ব্যাটারদের মধ্যে রিভালদো মুনসামি ১, সিনেথেম্বা ৫, ম্যাথিউ ডি ভিলিয়ার্স ০, মিহলাই ৪ ও ডিয়ান ফরেস্টার ৬ রান করে ফেরেন।

এরপর মার্কুয়েস অ্যাকেরম্যান ও ইমরান মানাক কিছুটা প্রতিরোধ গড়েন। অ্যাকেরম্যান ফিফটি করে থামেন ৫৪ রানে। শেষ দিকে ইমরান মানাক করেন ৪৩ রান। এ ছাড়া কাইল সিমন্ডস ১৫, মারেকি ৯ ও ওকুহলে চেলে ৪ রান করেন। শেষ পর্যন্ত ১৮২ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রিশাদ হোসেন। ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আলিস আল ইসলাম ৩৫ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন আরও তিন বাংলাদেশি বোলার।

শেষ ম্যাচে দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ ‘এ’ দল।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles