জমে উঠেছে বিশ্বকাপের শিরোপার লড়াই। ৪৮ দলের বিশ্বকাপে টিকে রইল ৮। নানা নাটকীয়তা, স্বপ্নভঙ্গ ও বিতর্ক শেষে বিশ্বকাপ এখন শেষ ভাগে এসে পৌঁছেছে। শেষ ষোলোয় সবচেয়ে বেশি নাটকীয়তা দেখা গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচে।
মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বিতর্কিত ম্যাচে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। তবে এই ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
মিশরের বাতিল হওয়া একটি গোল এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউলের অভিযোগ তুলে রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছে সালাহর মিসর। এছাড়া ফেবারিট হিসেবে টুর্নামেন্ট খেলতে আসা স্পেনও উঠেছে কোয়ার্টারে ফাইনালে।
হাইভোল্টেজ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে বেলজিয়াম স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে।
বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্সও। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে সহজেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ২০২২ সালের রানার্সআপরা। সেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা আফ্রিকার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।
মরক্কো শেষ আটে উঠেছে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে। এছাড়া ইংল্যান্ডের কোয়ার্টারে উঠতে লড়াই-ই করতে হয়েছে। টুর্নামেন্টের সহ–আয়োজক মেক্সিকোকে ৩–২ গোলে হারিয়ে হ্যারি কেইনরা এখন শেষ আটে।
সেখানে তাঁদের প্রতিপক্ষ বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেওয়া নরওয়ে। আর্লিং হলান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নরওয়ে হারিয়েছে ২-১ গোলে। শেষ ষোলোর সবচেয়ে নিষ্প্রাণ ম্যাচটি ছিল কলম্বিয়া ও সুইজারল্যান্ডের।
ম্যাচের ১২০ মিনিটেও কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে সুইজারল্যান্ড ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালের সূচি
বৃহস্পতিবার, ৯ জুলাই
ফ্রান্স বনাম মরক্কো
বাংলাদেশ সময় রাত ২টা
ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস
শুক্রবার, ১০ জুলাই
স্পেন বনাম বেলজিয়াম
বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: সোফি স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া
শনিবার, ১১ জুলাই
নরওয়ে বনাম ইংল্যান্ড
বাংলাদেশ সময় রাত ৩টা
ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস
রোববার, ১২ জুলাই
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
বাংলাদেশ সময় সকাল ৭টা
ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি


