বিশ্বকাপ ফুটবলে নরওয়ে মোটেও নিয়মিত নয়। দীর্ঘ দুই যুগ বা ছয় আসর পর এবার তারা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। লম্বা বিরতির পর সুযোগ পেয়ে রূপকথার মত এক যাত্রা উপহার দিচ্ছে দেশটি। তারা এরই মধ্যে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। নরওয়ের এই রূপকথার চিত্রনাট্য তৈরির নায়ক একজন-আর্লিং হালান্ড। দলটির অধিনায়ক হালান্ড অবিশ্বাস্য সব কীর্তি গড়ে দলকে এগিয়ে নিয়ে চলেছেন।
মাটিতে পা রাখছেন হালান্ড
শনিবার মায়ামিতে নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে। রূপকথা রচনা করে চললেও ম্যাচের আগে মাটিতে পা রেখে চলেছেন হালান্ড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়েছেন বিশ্বকাপ জয়ের দৌড়ে তারা এখনো টিকে আছে ঠিকই তবে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা খুবই কম।
হালান্ড এরপর প্রতিপক্ষের প্রতি সমীহ রেখে যোগ করেন, বিশ্বকাপ জয়ের মতো কয়েকটি দল এখানে রয়েছে। ইংল্যান্ড তাদের মধ্যে অন্যতম। আমাদের ওপর আপনাদের (সাংবাদিকদের) কোনো চাপ সৃষ্টি না করা উচিত নয়, বরং তা ইংল্যান্ডের ওপরই করা উচিত।
হালান্ড আরও বলেন, নরওয়ে যতই ভালো ফুটবল খেলুক, বিশ্বকাপের ঐতিহ্য, অভিজ্ঞতা এবং স্কোয়াডের গভীরতায় ইংল্যান্ডই এগিয়ে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বিশেষ কিছু
ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি হালান্ডের জন্য বিশেষ কিছু। কেননা ইংল্যান্ডে তার জম্ম। তাছাড়া ক্লাব ফুটবলে তিনি ইংলিশ ক্লাবের প্রতিনিধিত্ব করে থাকেন। খেলেন বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটিতে। সে সম্পর্কে হালান্ড বলেন, এটি অবশ্যই বিশেষ এক ম্যাচ। আমার জন্য আরও বিশেষ। কারণ আমি ইংল্যান্ডে খেলি। আমার জম্মও ইংল্যান্ডে। সেখানে আমার অনেক সতীর্থ রয়েছে, বন্ধু রয়েছে। তাই ম্যাচটি দারুণ উপভোগ্য হবে।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের স্মৃতি মনে করে হালান্ড বলেন, ব্রাজিলের বিপক্ষে খেলাটাই আমাদের মতো দলের জন্য অবিশ্বাস্য বিষয় ছিল। তাদের হারিয়ে আমরা এখন কোয়ার্টার ফাইনালে এসেছি, ইংল্যান্ডের বিপক্ষে খেলবো। এখন আমাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। এটা সত্যিই বিশেষ এক অনুভূতি।
ব্রাজিলের বিপক্ষে জয় দেশবাসী দারুণ উপভোগ করেছে। সে সম্পর্কে হালান্ড বলেন, নরওয়ের মানুষ যেভাবে ব্রাজিলের বিপক্ষে জয় উপভোগ করেছে তা দেখলে বোঝা যায় আমাদের জন্য এটি কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। পুরো ব্যাপারটাই ছিল অবিশ্বাস্য। কেননা সবকিছুতেই তারা আমাদের থেকে এগিয়ে ছিল। স্বাভাবিকভাবেই এ জয় ছিল অসাধারণ।
ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলে নরওয়ে সেমিফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে জয়ী দলের বিপক্ষে।


