ফ্রান্সের কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেক ম্যাচে গোল করেই চোটে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। তুরস্কের বিপক্ষে জয়ের ম্যাচে পাওয়া এই চোটে জাতীয় দলের ক্যাম্প থেকেই ছিটকে গেছেন ফ্রান্সের অধিনায়ক। তাঁকে নিয়ে এখন দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদও।
শুক্রবার তুরস্কের বিপক্ষে ম্যাচের ৫৫ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। শেষ পর্যন্ত তাঁর গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। কিন্তু গোলের পরপরই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
এমবাপ্পে ঠিক কীভাবে চোট পেয়েছেন, সেটি অবশ্য পরিষ্কার নয়। ওই সময় তাঁর আশপাশে কোনো প্রতিপক্ষ খেলোয়াড় ছিলেন না, সংঘর্ষও হয়নি। শট নেওয়ার পরই বাঁ হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। এরপর হাঁটুতে হাত দিয়ে মাঠে বসে পড়েন এবং যন্ত্রণায় সেটি ঘষতে থাকেন।
প্রাথমিক চিকিৎসার পর আবার মাঠে ফিরেছিলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে কিছুক্ষণ পর আবার মাটিতে পড়ে যান তিনি। শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ম্যাচ শেষে ফরাসি টেলিভিশনকে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কার কথা জানান জিদান।‘না, অবস্থা ভালো নয়। দুর্ভাগ্যবশত, এটা ভালো মনে হচ্ছে না। তাকে ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নেব না। শট নেওয়ার সময় তার হাঁটুতে টান লেগেছে। অবস্থা খুব একটা আশাব্যঞ্জক নয়।’
এরপর ফরাসি ফুটবল ফেডারেশনও জানায়, এমবাপে টেন্ডনের চোটে ভুগছেন এবং জাতীয় দলের ক্যাম্পের বাকি অংশে তিনি আর অংশ নিতে পারবেন না।
এমবাপেকে হারানো ফ্রান্সের জন্য বড় ধাক্কা। আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগে আরও তিনটি ম্যাচ রয়েছে তাদের-এর মধ্যে দুটি বেলজিয়ামের বিপক্ষে, অন্যটি ইতালির বিপক্ষে।
তবে এমবাপের চোট নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রিয়াল মাদ্রিদেরও। চোটটি কতটা গুরুতর, তা জানতে এখন পরীক্ষার ফলের অপেক্ষায় থাকতে হবে স্প্যানিশ ক্লাবটিকে। মৌসুমের শুরুটা প্রত্যাশামতো না হওয়ায় এমবাপেকে হারানো তাদের জন্য বাড়তি সমস্যার কারণ হতে পারে।




