ত্রিদেশীয় সিরিজে লিটন দাসের চোটে দলে ডাক পেলেন পারভেজ হোসেন ইমন। এ নিয়ে পরপর দুই সিরিজে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যানের বদলি হিসেবে বাংলাদেশ দলে জায়গা হলো বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের।
ডান নিতম্বের চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন। গতকাল শনিবার আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের টসের পর বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর ঘণ্টা দুয়েক পর লিটনের বদলি হিসেবে পারভেজের নাম ঘোষণা করে বিসিবি। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজের দলেও ছিলেন পারভেজ। তবে সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। লিটনের পায়ের চোটের কারণে ওই সিরিজের শেষ দুই ওয়ানডের দলে জায়গা পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এখন পর্যন্ত পারভেজের ওয়ানডে ক্যারিয়ার তিন ম্যাচের।
গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে একটি অর্ধশতকসহ ১০৮ রান করেছিলেন তিনি। এরপর আর ওয়ানডে খেলা হয়নি তাঁর। সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের আপাতত আর একটি ম্যাচ বাকি। আগামী বুধবার শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে উঠতে পারলে একই মাঠে শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে দলটি।


