ত্রিদেশীয় সিরিজ শেষ লিটনের

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস করতে পারেননি অধিনায়ক লিটন দাস। তাঁর পরিবর্তে টস করেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। তখনই জানা যায়, চোটে পড়েছেন লিটন। পরে জানা গেল, শুধু প্রথম ম্যাচ নয়, চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

লিটনের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম খান। বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ডান নিতম্বের জোড়ায় সমস্যার কারণে লিটনের এমআরআই করানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদনে ওই স্থানে সমস্যা ধরা পড়েছে।

বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘লিটন কুমার দাস গতকাল ডান নিতম্বের জোড়ায় সমস্যার কথা জানায়। এ কারণে আমরা তার এমআরআই করাই। সেখানে প্রতিবেদনে ডান নিতম্বের জোড়ায় কিছু সমস্যা পাওয়া গেছে।’

চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, তা যাচাই করতে ফিটনেস পরীক্ষাও দিয়েছিলেন লিটন। তবে নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেননি তিনি। ফলে এই সিরিজে আর খেলা হচ্ছে না তাঁর।

এ প্রসঙ্গে ফিজিও বলেন, ‘এরপরও সে চেষ্টা করেছে আজ ফিটনেস পরীক্ষা দিয়ে খেলা যায় কি না। তবে সে খেলতে পারছে না। আমরা যে মানদণ্ড নির্ধারণ করেছিলাম, তা পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তার খেলা হচ্ছে না।’

লিটনের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। অধিনায়কত্বের পাশাপাশি উইকেটকিপিং ও ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তাঁর চোটে সিরিজের বাকি ম্যাচগুলোতে নেতৃত্ব ও একাদশ সাজানোর ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা করতে হবে বাংলাদেশকে।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। গত তিন দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। এ কারণে তাঁকে ম্যাচের জন্য বিবেচনা করা হয়নি।

মিরাজের বিষয়ে বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘মেহেদী হাসান মিরাজ তিন দিন ধরে জ্বরে ভুগছেন। তিনি আজকের ম্যাচে খেলতে পারবেন না।’

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচেই অধিনায়ক লিটন ও অলরাউন্ডার মিরাজকে না পাওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে দল।

spot_imgspot_img
spot_img

Related Articles