মেজর লিগ সকারে আরও একবার লিওনেল মেসির জাদুতে মুগ্ধতা ছড়ালো। দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের মধ্যে দুটি দৃষ্টিনন্দন গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিলেন আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক। তার জোড়া গোলে শনিবার ৩-১ গোলে আটলান্টা ইউনাইটেডকে হারিয়েছে মায়ামি।
অ্যাওয়েতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের শেষ সময়ে মায়ামিকে এগিয়ে দেন মেক্সিকান স্ট্রাইকার জার্মান বেরতেরামে। বিরতির পর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ তুলে নেন নিজের হাতে। ৫৬ মিনিটে প্রথম গোলের পর ৬০ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পান আটবারের ব্যালন ডি অর জয়ী এই তারকা। শেষ দিকে মায়ামির সাবেক ফরোয়ার্ড ফাফা পিকোর পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন।
মেসির করা প্রথম গোলটি ছিল তার চিরচেনা ফুটবলশৈলীর প্রতিচ্ছবি। ডান প্রান্ত থেকে বল নিয়ে মাঝমাঠের দিকে এগিয়ে যান। এ সময়ে তার পাশে ছিলেন বেরতেরাম। তার সঙ্গে বল দেওয়া নেওয়া করেন। এরপর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গতি, নিয়ন্ত্রণ আর নিঁখুত ফিনিশিং- এক আক্রমণে ফুটে ওঠে মেসির সহজাত প্রতিভা।
একই দৃশ্যের পুনরাবৃত্তি
দ্বিতীয় গোলেও একই দৃশ্যের পুনরাবৃত্তি। এবার লুইস সুয়ারেরেজ বাড়ানো বল ধরে প্রতিপক্ষের রক্ষণভাগে ভেঙ্গে একাই এগিয়ে যান মেসি। সামনে থাকে ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের চমৎকার শট। আর তাতেই আটলান্টার গোলরক্ষক লুকাস হয়োসকে দর্শক বনে যেতে হয়। মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের ভাগ্য কার্যত নিধারণ করে দেন ৩৯ বছর বয়সী এই তারকা।

জোড়া গোলের মেসির ব্যক্তিগত অর্জনে যোগ হয়েছে নতুন সাফল্য। এমএলএসে তার গোলসংখ্যা এখন ২৫। এবারের লিগে তিনি গোল তালিকায় নেতৃত্ব দিচ্ছেন। গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে তিনি। তার কাছাকাছি কেউ নেই। সবচেয়ে কাছে থাকা খেলোয়াড়ের সঙ্গে তার গোলের ব্যবধান ৬। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রে এগিয়ে মেসি। এ ব্যাপারে অবশ্য একক আধিপত্য নেই মেসির, ১৫ গোলে সহায়তা নিয়ে তার সঙ্গে আছেন লস অ্যাঞ্জেলস এফসির সন হিউং মিন।
এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি অ্যাসিস্ট করার কীর্তিও গড়েছেন মেসি। পাশাপাশি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১৩ ম্যাচে গোল বা গোলে সহায়তার অবদান রেখেছেন তিনি।




