ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাসকিনের! ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ে নিজেদের চেনা ছন্দে নেই বাংলাদেশ। সবশেষ কয়েকটি ম্যাচে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে বাংলাদেশকে। দায়িত্বহীন ব্যাটিংয়ের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে শেষ পর্যন্ত ৯৯ রানে হেরেছে তাওহীদ হৃদয়ের দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন পেসার তাসকিন আহমেদ। তবে এই ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর আশাবাদও শুনিয়েছেন তিনি।
তাসকিন বলেন,
এই ম্যাচটা আসলে আমাদের ব্যাটারদের জেতানো উচিত ছিল বলে মনে করি। কিন্তু দুর্ভাগ্যবশত পারেনি। তবে এখনও একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব যেন ভালোভাবে লড়াই করে ফিরে আসতে পারি এবং ফাইনালটা খেলতে পারি।
জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে তিন উইকেট নেওয়া তাসকিন মনে করেন, ব্যাটিংয়ের সমস্যাগুলো দ্রুত কাটিয়ে ওঠা জরুরি। ব্যাটারদের কঠোর পরিশ্রমের ওপর আস্থা রেখে তিনি বলেন, আমি নিশ্চিত, আমাদের ব্যাটাররা অনেক কঠোর পরিশ্রম করছে। আশা করছি, তারা বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের ভুলগুলো শুধরে সামনে ঘুরে দাঁড়াবে। কারণ, সামনে আরও একটা খেলা আছে। তবে এই জিনিসগুলোর আসলেই দ্রুত সমাধান করতে হবে। ইনশাআল্লাহ, এগুলো খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে না পারলে দলের আত্মবিশ্বাসে প্রভাব পড়তে পারে বলেও মনে করেন এই পেসার। তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাঁর। তাসকিনের ভাষায়, এই ত্রিদেশীয় টুর্নামেন্টে যদি ফাইনালে আমরা খেলতে না পারি, কিছুটা হলেও মানসিকভাবে পিছিয়ে পড়ব। পরের ম্যাচে আমরা শক্তিশালী দল হয়ে ঘুরে দাঁড়াব, আশা করি।
জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর বাংলাদেশের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ব্যাটিংয়ের ভুল গুলো শুধরে পরের ম্যাচে ভালো পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে জায়গা করে নেওয়াই এখন দলের প্রধান লক্ষ্য।




