বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি- ২০২৬
আজ রাজধানীর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে পর্দা উঠেছে ৪ জাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি-২০২৬ এর। উদ্বোধনী দিনে মাঠে গড়ায় দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হয় নেপালের এবং দ্বিতীয় ম্যাচে লড়াই করে ভারত ও মালদ্বীপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নেপালকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বড় জয় দিয়ে।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান:
৫ দিনব্যাপী (১৮-২২ অক্টোবর) এই আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধনী দিনে স্টেডিয়ামে আশা ব্যাঞ্জক দর্শকের উপস্থিতি চোখে পড়ে। সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এ সময় সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা ও মনোমুগ্ধকর দলীয় নৃত্য স্টেডিয়ামের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ)-এর সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিচ্ছে।
বাংলাদেশ বনাম নেপাল দিনের প্রথম উদ্বোধনী ম্যাচে স্বস্তিদায়ক ও বড় জয়ে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ নেপালকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করেছে। প্রথমার্ধে বাংলাদেশ ১৩-৯ গোলে এগিয়ে ছিল। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের আলপনা আক্তার।
দীর্ঘদিন পর ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক সিনিয়র নারী হ্যান্ডবল টুর্নামেন্টে খেলতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষ নেপালকে চেপে ধরে স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার শিষ্যরা। ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের স্মৃতি পেছনে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা শুরু থেকেই আক্রমণাত্মক হ্যান্ডবল উপহার দেয়। প্রথমার্ধে নেপাল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা টেকসই হয়নি, বিরতিতে যাওয়ার আগেই ১৩-৯ গোলের স্পষ্ট লিড নেয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ দলের মেয়েরা। আক্রমণভাগের ধার বাড়িয়ে একের পর এক গোল আদায় করে তারা ব্যবধান আরও বড় করে। শেষ পর্যন্ত ৩৩-২০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দলের এই দাপুটে জয়ে অনবদ্য ভূমিকা রাখেন আলপনা আক্তার; তিনি একাই ৭টি গোল করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া মিষ্টি ও শ্যামলী ৬টি করে এবং দলের অধিনায়ক ইসমতারা নিশি ৫টি ও সায়মা জান্নাত সীমা ৪টি গোল করেন। এই জয় টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল খেলার পথে অনেক এগিয়ে দিয়েছে।
ভারত বনাম মালদ্বীপ:
উদ্বোধনী দিনের দ্বিতীয় আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ এশিয়ার অন্য দুই প্রতিযোগী ভারত ও মালদ্বীপ। সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ও গোছানো খেলা উপহার দেয় ভারতীয় দল। মালদ্বীপের রক্ষণভাগকে বারবার ভেদ করে তারা ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রাখে। মালদ্বীপ দলও লড়াই করার চেষ্টা চালালেও ভারতের আক্রমণাত্মক ও টেকনিক্যাল খেলার সামনে সুবিধা করতে পারেনি। এই ম্যাচের জয়ী দল হিসেবে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করে নেয় ভারত।

সিঙ্গেল রাউন্ড-রবিন লিগের নিয়মে আগামী ১৯ ও ২০ অক্টোবর লিগ পর্বের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৯ অক্টোবর মালদ্বীপ ও নেপাল দুপুর ২টায় আর বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ ভারতের বিপক্ষে ২য় ম্যাচ খেলবে। ২০ অক্টোবর ভারত-নেপাল দুপুর ২টায় এবং বাংলাদেশ-মালদ্বীপ বিকেল ৪টা ৩০ মিনিটে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ফাইনাল খেলবে ২২ অক্টোবর আর টেবিলের ৩য় ও ৪র্থ স্থান অর্জন কারী দল ২১ তারিখে ৩য় স্থান নির্ধারনী ম্যাচ খেলবে।
বাংলাদেশ বেতার উদ্বোধনী দিনের ২টি ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে মাঠ থেকে এফএম ১০৪ মেগাহার্য এবং ওয়েব সাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপে। বাংলাদেশ বেতার আগামী ২০ তারিখের ২টি ম্যাচ এছাড়া ২১ তারিখের ৩য় স্থান নির্ধারনী ম্যাচ এবং ২২ তারিখের ফাইনাল ম্যাচের সরাসরি ধারাভাষ্যও সম্প্রচার করবে।


