কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে একই দলের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, নাসির হোসেন ও রনি তালুকদার। ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্সের হয়ে তাঁদের সঙ্গে খেলবেন দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
তবে সাকিব আল হাসানের একই সময়ে নেপাল প্রিমিয়ার লিগে খেলার কথা রয়েছে। ফলে গ্লোবাল টি-টোয়েন্টিতে তাঁকে নিয়মিত দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, রনি তালুকদার ও নাসির হোসেনকে এই টুর্নামেন্টে নিয়মিত খেলতে দেখা যেতে পারে। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি। এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে দেশ ছেড়েছেন নাসির।
এবারের আসরে ভিন্নতা থাকছে ভেন্যুতেও। কানাডার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সে অনুষ্ঠিত হবে গ্লোবাল টি-টোয়েন্টির ম্যাচগুলো।
সাকিব, নাসির ও রনিকে দলে ভিড়িয়েছে ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্স। দলটি আগে ভ্যাঙ্কুভার নাইটস নামে পরিচিত ছিল। তিন বাংলাদেশির পাশাপাশি স্কোয়াডে রয়েছেন স্কটল্যান্ডের জর্জ মানসি, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস এবং শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পকুমারা।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের জাহিদ আলীসহ কানাডার বেশ কয়েকজন ক্রিকেটারও রয়েছেন দলটিতে। তাঁদের মধ্যে আছেন জায়ডেন, রায়ান, উদাই সিং, রানা সালমান, পাদাম যোশি, আব্দুল হাসিব, অজয়বীর সিং হুবদাই ও গুরসরব সিং।
এবার নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট পাঁচটি দল-টরন্টো কিংস, ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্স, মিসিসাগা স্কাইহকস, মন্ট্রিয়ল ওয়ারিয়র্স ও ব্র্যাম্পটন ব্লেজার্স।


