২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে তাসমানিয়া দলে টিম ডেভিড

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি তারকা টিম ডেভিডকে শনিবার ভিক্টোরিয়ার বিপক্ষে ঘরোয়া ওয়ানডে কাপের ম্যাচের জন্য দলে নিয়েছে তাসমানিয়া। কোচ জেফ ভন নিশ্চিত করেছেন, ২০২৭ সালের দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্যে তাসমানিয়া দলে নেয়া হয়েছে টিম ডেভিডকে।

অস্ট্রেলিয়ার হয়ে ৩০ বছর বয়সী ডেভিড সর্বশেষ লিস্ট ‘এ’ ক্রিকেট খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপের আগে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়া গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে তিনি চারটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন।

এর আগে, ২০২১ সালের নভেম্বরে তাসমানিয়ার হয়ে একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন ডেভিড। তার আগে ইংল্যান্ডের ওয়ানডে কাপে সারের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। ৮ ইনিংসে দুটি সেঞ্চুরি ও অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটার। ২০১৯ সালে সিঙ্গাপুরের হয়ে পাঁচটি অ্যাসোসিয়েট পর্যায়ের ম্যাচ খেলাও তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের অংশ।

বিশ্বকাপের লক্ষ্য নিয়ে ডেভিড: শুক্রবার তাসমানিয়ার কোচ জেফ ভন বলেন, ডেভিডের ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ফেরাটা বেশ আনন্দের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সূচির সঙ্গে সামঞ্জস্য হওয়ায় পরবর্তী কয়েকটি ম্যাচে তাঁকে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ভন বলেন, “বিষয়টি বেশ রোমাঞ্চকর, তাই না? গত কয়েক বছর ধরেই এটি নিয়ে আলোচনা হচ্ছিল। মূলত তাঁর সময়সূচি ও খেলার সূচি কখন একসঙ্গে মিলে যায়, সেটিই দেখার বিষয় ছিল।” তিনি আরও বলেন, “ডেভিড প্রকাশ্যেই বলেছেন, তাসমানিয়ার হয়ে ক্রিকেট খেলতে তিনি কতটা ভালোবাসেন। তাসমানিয়ার হয়ে আরেকটি ম্যাচ খেলতে পেরেও তিনি খুবই উচ্ছ্বসিত।”

“তবে সামনে ৫০ ওভারের বিশ্বকাপ থাকায় এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তিনি ওই বিশ্বকাপে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখতে চান। এই ফরম্যাটে খেলতে চান, শিখতে চান এবং আরও ভালো হতে চান, যাতে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা তাঁকে এই ফরম্যাটে দলে নেওয়ার সুযোগ পান।”

অস্ট্রেলিয়ার জন্য কেন গুরুত্বপূর্ণ ডেভিড?

গ্লেন ম্যাক্সওয়েলের অবসরের পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলার মতো ব্যাটারের ঘাটতি দেখা দিয়েছে। চলতি বছরে সর্বশেষ চারটি ওয়ানডে সিরিজেই এই দুর্বলতা প্রকাশ পেয়েছে, যার মধ্যে দক্ষিণ আফ্রিকার কাছে সাম্প্রতিক সিরিজ হারও রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ডেভিডকে ৫০ ওভারের ক্রিকেটে ফেরানো তাই অস্ট্রেলিয়ার নির্বাচকদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

ব্যাটিং অর্ডারে কোথায় খেলবেন ডেভিড?

তাসমানিয়ার কোচ জেফ ভনের মতে, ডেভিডকে সম্ভবত ছয় নম্বরে ব্যাটিংয়ে নামানো হবে। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁকে ওপরের দিকেও খেলানো হতে পারে। ভন বলেন, “আমরা সম্ভবত তাঁকে ছয় নম্বরে রাখব। এরপর ইনিংসের পরিস্থিতি অনুযায়ী তাঁকে ওপরের দিকে তুলে আনতে পারি, যাতে তিনি ম্যাচে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।”

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে এই প্রত্যাবর্তন টিম ডেভিডের জন্য নিজের সামর্থ্য প্রমাণের গুরুত্বপূর্ণ সুযোগ। এখন দেখার বিষয়, ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে তিনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পরিকল্পনায় জায়গা করে নিতে পারেন কি না।

spot_imgspot_img
spot_img

Related Articles