তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির ঘোষণা
রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’। আজ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এবারের চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয় ও সংস্থার মোট ৮৮টি দল থেকে রেকর্ডসংখ্যক ৬১৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৩৫ জন পুরুষ ও ৮১ জন নারী শাটলার রয়েছেন। প্রতিযোগিতায় মোট ১০ লাখ টাকা প্রাইজমানি রাখা হয়েছে। পাশাপাশি সেরা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ইলেকট্রিক বাইক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এত বিপুলসংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক মাইলফলক। এ অর্জনের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়, গণমাধ্যমকর্মী, অভিভাবক এবং দূরদূরান্ত থেকে সন্তানদের নিয়ে আসা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু ঢাকাকেন্দ্রিক কিংবা শীতকালীন খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের প্রতিটি জেলা, পাড়া-মহল্লায় সারা বছর খেলাধুলার পরিবেশ তৈরি করা। এ লক্ষ্যে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে প্রতিটি জেলায় পৃথক কমিটি গঠন এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ কর্মসূচিতে ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি আগামী জানুয়ারি থেকে ব্যাডমিন্টন, ফুটবল, হকি, আর্চারি ও শুটিংসহ নির্বাচিত বিভিন্ন খেলায় বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
দেশের ব্যাডমিন্টনের আন্তর্জাতিক মানোন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এ খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশের মাটিতে অন্তত তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন, বিদেশি দল আমন্ত্রণ এবং বাংলাদেশের খেলোয়াড়দের বিদেশের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। এসব উদ্যোগ খেলোয়াড়দের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খেলোয়াড় ও সংগঠকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলায় হার-জিত থাকবেই। পরাজয়ে হতাশ হয়ে খেলা থেকে দূরে সরে না গিয়ে দেশপ্রেম ও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। জয়ের লক্ষ্য সামনে রেখে নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন। এ ছাড়া বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সংগঠক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


