আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ভাগাভাগি

ওমান সফরে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৯ রান করে বাংলাদেশ। জবাবে ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। তাতে চার ম্যাচের সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৮২ রান করেন অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল। ১৪৫ বলের ধৈর্যশীল ইনিংসে চারটি চার মারেন তিনি। তবে অন্য ব্যাটসম্যানদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি ফরিদ। আল আমিন হোসেন রনি করেন ৩১ বলে ২৯ রান। শেষ দিকে রবিউল হাসান আনিকের ব্যাটে কিছুটা গতি পায় বাংলাদেশের ইনিংস। ২২ বলে অপরাজিত ২৯ রান করেন তিনি, যাতে ছিল তিনটি ছক্কা।

আফগানিস্তানের হয়ে অধিনায়ক সোহেল খান ও আমির হামজা নেন ৩টি করে উইকেট। লুৎফুল্লাহ মোহাম্মাদি শিকার করেন ২ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে পারেনি।

রান নেওয়ার জন্য বাংলাদেশের দুই খেলোয়াড়ের দৌড়

২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় আফগানিস্তান। তবে তৃতীয় উইকেটে নোমান সালারজাই ও সুবহান আলী পরিস্থিতি সামাল দেন। নোমান ৩৪ বলে ২৪ রান করে ফিরলেও সুবহান দলের জয়ের ভিত গড়ে দেন। ৮১ বলে ৬০ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কা।

এরপর তাহের সারওয়ারির ব্যাটে জয়ের পথে এগিয়ে যায় আফগানিস্তান। ৭৬ বলে অপরাজিত ৬৭ রান করেন তিনি। ইনিংসে তিনটি ছক্কা মারেন তাহের। অধিনায়ক সোহেল খানও ৩০ বলে ১৮ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশের হয়ে আল আমিন হোসেন ৪৪ রানে ২ উইকেট নেন। তবে আফগানদের জয় আটকাতে পারেনি বাংলাদেশ।

ম্যাচসেরা হয়েছেন তাহের সারওয়ারি। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ৪৩ রানে জিতে ব্যবধান কমায় আফগানিস্তান। শেষ ম্যাচেও জিতে সিরিজ ২-২ সমতায় শেষ করল তারা।

spot_imgspot_img
spot_img

Related Articles