নাহিদ না থাকলেও বাকিদের নিয়ে আশাবাদী বাশার

চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার চোটের কারণে খেলতে পারেননি অস্ট্রেলিয়া সিরিজেও। এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ। মিরপুর টেস্টের স্কোয়াডেও জায়গা হয়নি রানার। কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন, তা নিয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য নেই।

গুরুত্বপূর্ণ সিরিজে রানাকে না পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ধাক্কা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও বিষয়টিকে বড় ক্ষতি হিসেবে দেখছেন। তবে রানার অনুপস্থিতি নিয়ে অতিরিক্ত চিন্তিত নন তিনি। বরং দলের অন্য পেসারদের সাম্প্রতিক পারফরম্যান্সে আশাবাদী এই নির্বাচক।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বাশার জানান, দলের ওপর প্রত্যাশার বাড়তি চাপ তৈরি করতে চান না তারা। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে প্রক্রিয়া অনুযায়ী এগিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। বাশার বলেন, ‘দলের ওপর সেই প্রত্যাশার চাপ দিতে চাই না। আমরা ভালো খেলছি। সব ম্যাচই জরুরি। আগেই চাপ দিলে পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। প্রসেস যেন ঠিক থাকে, ফল তো দেখবই।’

নাহিদ রানাকে না পাওয়ার আক্ষেপ থাকলেও বাকি পেসারদের নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক। তার মতে, দলের অন্য ফাস্ট বোলাররাও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলামের মতো পেসারদের পারফরম্যান্সে আশার আলো দেখছেন তিনি।

এ প্রসঙ্গে বাশার বলেন, ‘নাহিদ রানাকে না পাওয়া অনেক বড় সেটব্যাক। ইনজুরি নিয়ে তো কিছু করার নেই। তবে নাহিদ রানা বাদেও যারা খেলছেন, তারাও ভালো করছেন। আমাদের বাকি ফাস্ট বোলাররা সবাই খুব ভালো করছেন। তাসকিন টেস্টে, নাহিদ রানা ছাড়াও বাকিরা যারা আছেন সবাই খুব ভালো বোলিং করছেন। হাসান, ইবাদত, শরিফুল আগের টেস্টে ৬ উইকেট পেয়েছেন। আমার মনে হয় আমাদের ফাস্ট বোলিং বিভাগ যথেষ্ট ভালো।’

রানার মতো গতিময় বোলার দলে থাকলে প্রতিপক্ষের ওপর বাড়তি চাপ তৈরি করা সম্ভব। তার গতির সঙ্গে আগ্রাসী বোলিং বাংলাদেশকে বাড়তি সুবিধাও এনে দেয়। তবে চোটের কারণে তাকে না পাওয়ায় হতাশ হলেও বিকল্প পেসারদের ওপর আস্থা রাখছেন বাশার।

তিনি বলেন, ‘নাহিদ রানা থাকলে এক্স ফ্যাক্টর থাকে। তবে যেহেতু চোট আছে, সেখানে অত চিন্তা করছি না। দলে যারা আছেন, তাদের নিয়েই ভাবছি।’

আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। নাহিদ রানার অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণ কতটা কার্যকর হয়ে উঠতে পারে, এখন সেটিই দেখার বিষয়। তবে প্রধান নির্বাচকের বিশ্বাস, দলের অন্য পেসাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে রানার অভাব অনেকটাই সামাল দেওয়া সম্ভব।

spot_imgspot_img
spot_img

Related Articles