ব্যাটিং নিয়েই যত দুশ্চিন্তা বাশারের

বিশ্বকাপের আর মাত্র এক বছর বাকি। অথচ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রটা মোটেও স্বস্তিদায়ক নয়। অধিকাংশ ব্যাটারই রয়েছেন ছন্দহীন, মিডল অর্ডারেও নেই ধারাবাহিকতা। সব মিলিয়ে ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সে হতাশার ছাপ স্পষ্ট।

সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচেই ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি বাংলাদেশ। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়েছে দল। বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ের এমন দুরবস্থা স্বাভাবিকভাবেই বাড়াচ্ছে উদ্বেগ। তবে দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে, মিডল অর্ডারের চেয়ে টপ অর্ডারের ব্যর্থতাই বেশি চিন্তার কারণ।

বসুন্ধরায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিডল অর্ডার নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন বাশার। তিনি বলেন, ‘লিটন (দাস) তো এখন ওপেন করছে না। চারে ব্যাট করে ওয়ানডেতে। পাঁচে তাওহীদ হৃদয়। মাঝে লিটন-হৃদয় পাঁচে-ছয়ে খেলেছে। আমরা মোসাদ্দেককে (হোসেন সৈকত) আনার পর প্রথম সিরিজেই সিরিজসেরা হয়েছে। এরপর একটু অফ ফর্ম যাচ্ছে। আমরা ইয়াসির (আলী) রাব্বিকে টি-টোয়েন্টিতে ফিরিয়েছি। ওয়ানডেতে সামনে আনতেও পারি।’

মিডল অর্ডারের বিকল্প নিয়ে ভাবনার পাশাপাশি নুরুল হাসান সোহানের পারফরম্যান্সও মূল্যায়ন করেছেন প্রধান নির্বাচক। সুযোগ কাজে লাগাতে না পারলেও সোহানের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

বাশার বলেন, ‘সোহানকে সুযোগ দিয়েছি। সোহান সুযোগের ভালো ব্যবহার করেছে, তা বলতে পারছি না। ভালো অভিজ্ঞতা আছে। তবে এমনটা হতেই পারে। অনেক সময় সুযোগ না পেলে পরে পেলে অনেক কিছু করতে গেলে এক্সিকিউট ভালো না-ও হতে পারে, সেখানেও একটা কারণ থাকতে পারে।’

মিডল অর্ডার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না হলেও টপ অর্ডারকে দলের মূল দুর্বলতা হিসেবে দেখছেন বাশার। তাঁর মতে, শুরুতেই উইকেট হারিয়ে ফেললে পরের ব্যাটারদের ওপর চাপ বাড়ে। বিপরীতে ওপেনিং জুটি ভালো শুরু এনে দিতে পারলে বড় সংগ্রহ গড়ার পথ সহজ হয়।

এ প্রসঙ্গে বাশার বলেন, ‘(পারভেজ হোসেন) ইমনকে আমরা এনেছি, মাঝে বাইরে চলে গিয়েছিল। ইমন কিন্তু এখন চারেই ব্যাট করে টি-টোয়েন্টিতে। আমার মনে হয় না এটা অত বড় সমস্যা। আমাদের আসল সমস্যা হচ্ছে টপ অর্ডারে। কারণ শুরুতেই যদি আপনি ২-৩ উইকেট হারিয়ে ফেলেন, চাপে থাকবেন। যে ম্যাচগুলোতে আমরা ভালো করেছি, ওপেনিং জুটি ভালো করলে কিন্তু ২৭০-৮০ রান করেছি আমরা। টপ অর্ডার যেদিন রান করেছে, সেদিন কিন্তু আমরা ভালো করেছি। যদি পরিসংখ্যান দেখেন।’

ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটিংয়ের এমন ভঙ্গুর অবস্থায় বিশ্বকাপের আগে টপ অর্ডারের ধারাবাহিকতা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। প্রধান নির্বাচকের বক্তব্যেও স্পষ্ট, মিডল অর্ডারের সমাধান খোঁজার পাশাপাশি ইনিংসের শুরুটা শক্তিশালী করতেই বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে।

spot_imgspot_img
spot_img

Related Articles