অল্পের জন্য ট্রিপল সেঞ্চুরি হলো না নাঈমের

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে দুর্দান্ত ব্যাটিং করেও ট্রিপল সেঞ্চুরি ছোঁয়া হলো না মোহাম্মদ নাঈম শেখের। ব্যক্তিগত ২৮২ রানে থেমেছেন ঢাকা বিভাগের এই বাঁহাতি ব্যাটার। ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র ১৮ রান দূরে থাকতে ৩৬৯ বলের ইনিংসের সমাপ্তি ঘটে তার।

নাঈমের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ে ঢাকা বিভাগ। ১৩১.১ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ৫০৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি। নাঈমের ২৮২ রানের ইনিংসটি সাজানো ছিল ২১টি চার ও ৭টি ছক্কায়। ৭৬.৪২ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ৬২৭ মিনিট ক্রিজে কাটিয়েছেন তিনি।

নাঈমের পাশাপাশি ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২৮৯ বলে ১৬৫ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৮টি ছক্কা। দুজনের বড় সংগ্রহে ভর করেই শক্ত অবস্থানে পৌঁছে যায় ঢাকা বিভাগ।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় জায়গা করে নেওয়ার সুযোগ ছিল নাঈমের সামনেও। ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৩৫০ রান এই তালিকার শীর্ষে রয়েছে। ২০২০ সালে বিসিবির মধ্যাঞ্চলের হয়ে তামিম ইকবাল অপরাজিত ৩৩৪ রান করেছিলেন। আর ২০০৭ সালে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে রকিবুল হাসানের ব্যাট থেকে এসেছিল ৩৩০ রান।

সেই বিরল কীর্তির তালিকায় নাম লেখানোর সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নাঈমকে। তবে ২৮২ রানের এই ইনিংস দিয়ে নিজের আগের সর্বোচ্চ ১৮০ রানের রেকর্ড ছাড়িয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস উপহার দিয়েছেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles