সংযুক্ত আরব আমিরাতে ব্যর্থতার ক্ষত নিয়ে এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।
সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের লক্ষ্য। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শেষ করার আগে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের
ক্রিকেট মাঠে সাম্প্রতিক সময়টা ভালো যায়নি বাংলাদেশের। আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে লজ্জায় ডুবেছে। সিরিজে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছে হার। পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় না পাওয়া বাংলাদেশের জন্য লজ্জার হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা দলটির প্রস্তুতিতে অস্থিরতা তৈরি করেছে। তবে টেস্ট দলে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান থাকায় আশার জায়গাও রয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপরও থাকবে বড় দায়িত্ব।
বোলিং বিভাগে একাদশ নির্বাচন নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। জায়গার লড়াইয়ে আছেন শরীফুল ইসলামও। আগের টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বোলিং আক্রমণে ছিলেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন। তবে চোটের কারণে লিটন দাসের ফিটনেসও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর অনুপস্থিতিতে দলের ভারসাম্যে প্রভাব পড়তে পারে।

ভালো অভিজ্ঞতা নিয়ে ওয়েস্ট ইনিড্জ
অন্যদিকে, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। উপমহাদেশের কন্ডিশন সম্পর্কে ধারণা বাড়ানোর পাশাপাশি তাদের টেস্ট দলের খেলোয়াড়েরা চেন্নাইয়ে প্রস্তুতি ক্যাম্প করেছেন। ব্যাটিংয়ে রোস্টন চেজ, ত্যাগেনারাইন চন্দরপল, কাভেম হজ ও আমির জাঙ্গুর ওপর থাকবে নজর। পেস আক্রমণে কেমার রোচ, জেডেন সিলস ও শামার জোসেফের সঙ্গে স্পিনে নেতৃত্ব দেবেন জোমেল ওয়ারিক্যান।
মুশফিকুর রহিমের মাইলফলকের অপেক্ষা
ব্যক্তিগত লড়াইয়ে মুশফিকুর রহিম ও কেমার রোচের দ্বৈরথও আকর্ষণীয় হতে পারে। ১০০ টেস্ট খেলা বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর ১১৮ রান করলেই পৌঁছাবেন এক হাজার রানের মাইলফলকে। অন্যদিকে, ২০২৬ সালে এখনো টেস্ট সিরিজ হারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এই দলের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ২০১৮ সালে।


