আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে নিয়ে আতলেতিকো মাদ্রিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বার্সেলোনাকে ৬০২ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আতলেতিকোর অভিযোগ, তাদের আগে লিখিতভাবে না জানিয়ে আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। তবে এই ঘটনায় ফিফার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি মাদ্রিদের ক্লাবটি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিষয়টি দেখার এখতিয়ার তাদের নেই।
২৬ বছর বয়সী আলভারেজ অবশ্য এখনো আতলেতিকোতেই রয়েছেন। ২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে ছয় বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দেন তিনি। দলবদলের অঙ্ক ছিল সর্বোচ্চ ৮ কোটি ১৫ লাখ পাউন্ড। সিটির হয়ে ১০৩ ম্যাচে ৩৬ গোল করা এই ফরোয়ার্ড আতলেতিকোর হয়ে ১১৫ ম্যাচে করেছেন ৫১ গোল। তাঁর সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত।
তবে মাঠের পারফরম্যান্সের বাইরে বার্সেলোনায় খেলার আকাঙ্ক্ষা প্রকাশ করে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছেন আলভারেজ। চলতি মৌসুমে আতলেতিকোর সমর্থকদের একাংশ তাঁকে নিয়মিত দুয়ো দিয়েছেন। গত গ্রীষ্মে এক সাক্ষাৎকারে বার্সেলোনায় খেলার স্বপ্ন পূরণের কথা বলেছিলেন তিনি। সেই মন্তব্যই সমর্থকদের অসন্তোষের অন্যতম কারণ হয়ে ওঠে।

শনিবার দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে জয়সূচক গোল করে দলকে জেতানোর পর অবশ্য কিছু সমর্থকের কাছ থেকে দাঁড়িয়ে অভিবাদন পান আলভারেজ। ওই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে আতলেতিকোর ব্যবধান কমে দাঁড়ায় দুই পয়েন্টে। ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
আলভারেজ বলেন, ‘ওটা ভুল ছিল। সমর্থকেরা কেন ক্ষুব্ধ, তা আমি বুঝতে পারছি। আমি যদি সমর্থক হতাম, আমারও রাগ হতো। বিশেষ করে আতলেতিকোয় আসার পর থেকে তারা যেভাবে আমাকে সমর্থন করেছে, তা বিবেচনায় নিলে।’
বার্সেলোনার জরিমানা আর আলভারেজের ক্ষমা প্রার্থনা-দুই ঘটনাই স্প্যানিশ ফুটবলে দলবদল ঘিরে উত্তাপ বাড়িয়েছে। তবে আপাতত আতলেতিকোতেই নিজের ভবিষ্যৎ গড়ার সামনে দাঁড়িয়ে আছেন এই আর্জেন্টাইন তারকা।




