বর্ষসেরা কোচের স্বীকৃতি দে লা ফুয়েন্তের

স্পেনকে বিশ্বকাপ জেতানোর সাফল্যে ব্যালন দ’র বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লুইস দে লা ফুয়েন্তে। এই স্বীকৃতি পেতে তিনি পেছনে ফেলেছেন পিএসজিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো লুইস এনরিকে এবং ২২ বছর পর আর্সেনালকে লিগ শিরোপা এনে দেওয়া মিকেল আর্তেতাকে।

সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ৬৫ বছর বয়সী দে লা ফুয়েন্তের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।

বর্ষসেরা কোচের দৌড়ে আরও ছিলেন অ্যাস্টন ভিলাকে ইউরোপা লিগ জেতানো উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখকে বুন্ডেসলিগা ও জার্মান কাপের শিরোপা জেতানো ভিনসেন্ট কম্পানি। তবে পুরস্কার জয়ের মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল দে লা ফুয়েন্তে, এনরিকে ও আর্তেতার মধ্যে।

দে লা ফুয়েন্তের অধীনে গত জুলাইয়ে শেষ হওয়া উত্তর আমেরিকা বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরো টুর্নামেন্টে দাপুটে ফুটবল খেলে আট ম্যাচে মাত্র এক গোল হজম করে শিরোপা জেতে দলটি। ফাইনালেও ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। প্রতিপক্ষ আর্জেন্টিনা স্পেনের গোলমুখে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।

নারী ফুটবলে ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন বার্সেলোনার সাবেক কোচ পেরে রোমেউ। তাঁর অধীনে গত মৌসুমে দুর্দান্ত সাফল্য পায় বার্সেলোনার নারী দল। চ্যাম্পিয়ন্স লিগ, ঘরোয়া লিগ, কোপা দে লা রেইনা ও সুপার কাপ-চারটি শিরোপাই জেতে তারা।

spot_imgspot_img
spot_img

Related Articles