পাকিস্তান টেস্ট সিরিজ শেষ নিশাঙ্কার

পাকিস্তানের মাটিতে চলমান ত্রিদেশীয় সিরিজের মাঝেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। ফিটনেস ফিরে না পাওয়ায় শেষ পর্যন্ত এই সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি এই ব্যাটার।

বর্তমানে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে লঙ্কানরা। এই টুর্নামেন্ট শেষে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। নিশাঙ্কাকে বিবেচনায় রেখেই প্রাথমিকভাবে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হতে না পারায় তাকে ছাড়াই টেস্ট সিরিজে নামতে হবে দলটিকে। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার সাদা বলের সিরিজ চলাকালে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন নিশাঙ্কা। সেই ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দলে শর্তসাপেক্ষে তাকে রাখা হলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় শেষ পর্যন্ত বাদ পড়েন এই ওপেনার।

এর আগে গত আগস্টে কবজির চোটের কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন নিশাঙ্কা। একের পর এক ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ এই ব্যাটারকে নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে শ্রীলঙ্কা দল।

নিশাঙ্কার পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সুযোগ পেয়েছেন লাহিরু উদারা। বর্তমানে তিনি শ্রীলঙ্কার ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দলেও রয়েছেন। সেখানেও নিশাঙ্কার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল তাকে।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে পাঁচটি টেস্ট ও সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উদারা। টেস্ট ক্রিকেটে তার একটি ১৮৮ রানের ইনিংস রয়েছে। সব মিলিয়ে লাল বলের ক্রিকেটে নয় ইনিংসে তার সংগ্রহ ৩১৩ রান।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কার ১৫ সদস্যের দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনাঞ্জয়া ডি সিলভা, অঞ্জলা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবথ জয়সুরিয়া, মিলান রত্ননায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, এহসান মালিঙ্গা ও লাহিরু উদারা।

spot_imgspot_img
spot_img

Related Articles