সিরিজ নির্ধারণী টেস্ট থেকে ছিটকে গেলেন স্মিথ

শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ঘাড়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা। মঙ্গলবার কেপ টাউনে শুরু হয়েছে সিরিজের শেষ টেস্ট। ম্যাচটিকে সামনে রেখে স্মিথের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় সন্তুষ্ট হতে না পারায় তাঁকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।

গেবেখায় সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালে ঘাড়ে চোট পেয়েছিলেন স্মিথ। শেষ ম্যাচে খেলার জন্য তাঁকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। অস্ট্রেলিয়া শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করলেও অস্বস্তি থাকায় ঝুঁকি নিতে চায়নি দল।

ঘাড়ের চোটে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন স্মিথ

টসের সময় স্মিথের না খেলার বিষয়টি নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘আজ সকালেও স্মিথ আরেকবার চেষ্টা করেছিল। কিন্তু ঘাড়ের অবস্থা নিয়ে সে সন্তুষ্ট ছিল না। তাই আমাদের অন্য বিকল্প খুঁজতে হয়েছে। শেষ টেস্টের একাদশে মোট চারটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। আগের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন পেসার স্কট বোল্যান্ড ও পেস বোলিং অলরাউন্ডার বাউ ওয়েবস্টার। চোটের কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন ওপেনার নিক ম্যাডিনসন।

বোল্যান্ডকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে সহজ ছিল না, সেটিও স্বীকার করেছেন কামিন্স। তাঁর ভাষায়, ‘বোল্যান্ডকে বাদ দেওয়া খুব কঠিন। সে অসাধারণ মানের একজন খেলোয়াড়। গত সপ্তাহে ন্যাথান লায়নকে বাদ দেওয়াটাও কঠিন ছিল। তবে এমন পরিস্থিতি থাকা ভালো। তারপরও বলা যায়, বোল্যান্ড দুর্ভাগ্যজনকভাবেই বাদ পড়েছে।

অন্যদিকে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ক্যামেরন গ্রিন ও জশ ইংলিস। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার কুপার কনোলি। বোল্যান্ডের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়ন।

ব্যাটিং অর্ডারেও পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। শেষ টেস্টে ট্রাভিস হেডের সঙ্গে ইনিংসের সূচনা করবেন ম্যাট রেনশ। আগের দুই টেস্টে মিডল অর্ডারে ব্যাট করেছিলেন তিনি। ডারবানে সিরিজের প্রথম টেস্টে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই ব্যাটসম্যান।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স। স্মিথের অনুপস্থিতিতে ব্যাটিং বিভাগে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া।

কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন ও জশ হেইজেলউড।

spot_imgspot_img
spot_img

Related Articles