ডারবান টেস্টের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং করার সময় মাথায় বলের আঘাত পেয়েছেন স্টিভ স্মিথ। পরে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়েও নামেননি অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিজের মুখোমুখি হওয়া চতুর্থ বলেই এনরিখ নরকিয়ার একটি বাউন্সার স্মিথের হেলমেটে আঘাত করে। বলটি সেখান থেকে ফাইন লেগের দিকে চলে যায়।
সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে আসেন দলের ফিজিও ও চিকিৎসক। তাঁরা স্মিথকে পরীক্ষা করেন। পরে হেলমেট পরিবর্তন করে আবার ব্যাটিং শুরু করেন তিনি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি ৩৭ বছর বয়সী এই ব্যাটার। ৪১ বলে ২৭ রান করে সাইমন হারমারের বলে লং-অনে মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্মিথ।
স্মিথ ফিরে গেলেও দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান ম্যাট রেনশ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেন তিনি। তাঁর ৮২ রানের ইনিংসে ভর করে ৫৮ ওভারে ৬ উইকেটে ৩১৪ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২১ রান।
চতুর্থ দিনের শেষ সেশনে রান তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করতে দেখা যায়নি স্মিথকে। অস্ট্রেলিয়ার স্লিপ কর্ডনে তাঁর বদলে ফিল্ডিং করেন মাইকেল নেসার।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, স্মিথের শারীরিক অবস্থার বিষয়ে ‘আজ অথবা আগামীকাল’ নতুন তথ্য জানানো হবে। সোমবার পর্যন্ত তাঁর কনকাশন শনাক্ত হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট করেছে, আবার মাঠে নামা কিংবা দল নির্বাচনের জন্য বিবেচিত হওয়ার আগে স্মিথকে নির্দিষ্ট সময় পর্যন্ত সম্পূর্ণ উপসর্গমুক্ত থাকতে হবে।




