আগের দিন অনুশীলনে চোট পেয়েও মিরপুর টেস্টে মুশফিকুর রহিমের খেলা নিয়ে বড় কোনো শঙ্কা ছিল না। স্ক্যানে গুরুতর কিছু ধরা না পড়ায় তাকে নিয়ে আশাবাদী ছিল বাংলাদেশ দল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর একাদশে দেখা যায়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। তাতেই তৈরি হয় বিস্ময়।
শেষ পর্যন্ত ডান হাতের তর্জনীর চোটের কারণে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন ৩৯ বছর বয়সী মুশফিক। ম্যাচ শুরুর পর এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে মুশফিকের আরও তিন দিন সময় লাগতে পারে।
বায়েজিদুল বলেন, “মুশফিকুর রহিম গতকাল অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে সে পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটি একটি কনটিউশন ইনজুরি। আশা করছি, আগামী তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পরের ম্যাচ সে খেলতে পারবে।”
মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গা গরমের পর একাডেমি মাঠে নেট অনুশীলনে যান বাংলাদেশের ক্রিকেটাররা। সবার আগে ব্যাট হাতে নেটে নামেন মুশফিক। তবে অন্য দিনের তুলনায় সেদিন দ্রুতই ব্যাটিং শেষ করেন তিনি।
অনুশীলনের একপর্যায়ে নেট বোলারের করা একটি বাউন্সার এসে লাগে মুশফিকের ডান হাতের তর্জনীতে। সঙ্গে সঙ্গে বসে পড়েন তিনি। পরে দ্রুত নেট ছেড়ে বেরিয়ে যান। কাছেই থাকা দলের ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে চলে প্রাথমিক চিকিৎসা। এরপর আর ব্যাটিংয়ে ফেরেননি মুশফিক।
পরে বিসিবির চিকিৎসা বিভাগ থেকে জানানো হয়েছিল, স্ক্যানে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। সে কারণে প্রথম টেস্টে তার খেলা নিয়ে শুরুতে বড় কোনো সংশয় ছিল না। কিন্তু শেষ পর্যন্ত আঙুলের চোটই বাধা হয়ে দাঁড়াল। ফলে প্রায় দুই বছর পর টেস্ট একাদশের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে মুশফিককে ছাড়াই খেলেছিল বাংলাদেশ। দেশের মাটিতে তাকে ছাড়া বাংলাদেশের সর্বশেষ টেস্ট ছিল একই বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে।




