এবিজি ইউনিভার্সিটি কাপ টুর্নামেন্টের ফুটবল ইভেন্টের গ্রুপ ‘এ’-এর খেলায় দারুন জমে উঠেছিল কিংস অ্যারেনায়। প্রতিবেশী দুই ইউনিভার্সিটি নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির খেলায় লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। উভয় ইউনিভার্সিটি বসুন্ধরা আবাসিক এলাকায় হওয়াতে দু-দলের সমর্থক ছিল গ্যালারীতে অনেক, তাই মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারির দর্শকদের মধ্যেও। প্রতিবেশী দুই দলের খেলা যেন রুপ নিয়েছিল বসুন্ধরা ডার্বিতে! তবে খেলার সব উত্তেজনা ছাপিয়ে উভয় দল বসুন্ধরা-ডার্বি ম্যাচে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট করে নিয়ে ঘরে ফিরেছে।
আইইউবি-এর আধিপত্য: ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে উভয় দল। তবে প্রথমার্ধের মাত্র ৫ মিনিটের মাথায় নর্থ সাউথ ইউনিভার্সিটির রক্ষণভাগ ভেঙে চমৎকার একটি গোল করেন আইইউবি-এর ইনতিসার। এই দ্রুত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। এরপর সমতায় ফিরতে এনএসইউ মরিয়া হয়ে চেষ্টা করলেও প্রথমার্ধের বাকি শুন্য এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে নর্থ সাউথ ইউনিভার্সিটির দুর্দান্ত প্রত্যাবর্তন: ১-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। ম্যাচের ৩৪ মিনিটে কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি আসে, যখন এনএসইউ-এর ফাইয়াজ নিখুঁত এক শটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান।
শেষ মুহূর্তের নাটকীয়তা: সমতায় ফেরার পরও ম্যাচের বাকি সময় জুড়ে ছিল আক্রমন পাল্টা আক্রমনের উত্তেজনায় ভরপুর। গ্যালারিতে উপস্থিত দর্শকদের রুদ্ধশ্বাস মুহূর্ত উপহার দিয়ে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোনো দলই জালের দেখা পায়নি।

এর আগে দিনের প্রথম ম্যাচে ইউল্যাব ও স্কলার্স ইউনিভার্সিটির মধ্যকার খেলা গোল শুন্য ড্র হয় আর দিনের ২য় ম্যাচে সোনার গাঁ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটিকে ১-০ গোলে পরাজিত করে। এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ এর সব খেলা প্রতিদিন সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস নেটওয়ার্ক।


