নিউক্যাসলকে উড়িয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে এভারটন

ইংলিশ ফুটবলের লিগ কাপ, যা কারাবাও কাপ নামে পরিচিত, তাতে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে এভারটন। নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডেভিড ময়েসের দল। এভারটনের হয়ে গোল করেছেন জেমস গার্নার, হেইডেন হ্যাকনি ও থিয়ের্নো বারি। নিউক্যাসলের হয়ে একমাত্র গোলটি করেন ড্যান বার্ন।

এই জয়ে শেষ আটে এভারটনের প্রতিপক্ষ চতুর্থ বিভাগের দল ফ্লিটউড টাউন। ফলে সেমিফাইনালে ওঠার ভালো সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে। যদিও মঙ্গলবার আর্সেনালকে হারিয়ে ফ্লিটউড বুঝিয়ে দিয়েছে, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

একাদশের বাইরে গ্রিলিশ

নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে এভারটনকে খেলতে হয়েছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় জ্যাক গ্রিলিশকে ছাড়াই। অননুমোদিতভাবে অনুশীলনে অনুপস্থিত থাকায় ক্লাবের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।

প্রথমার্ধে শুরুটা অবশ্য ভালো করেছিল নিউক্যাসল। হার্ভি বার্নসের হেড ঠেকিয়ে এভারটনকে রক্ষা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। পরে জো উইলক ও ফাবিয়ান শারের প্রচেষ্টাও আটকে দেন তিনি। জ্যাকব রামসির শট বিপজ্জনক হয়ে উঠলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে বাধা হয়ে দাঁড়ান ভিটালি মাইকোলেঙ্কো।

তবে ৩৪ মিনিটে এগিয়ে যায় এভারটন। নিউক্যাসলের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে হেইডেন হ্যাকনির কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন জেমস গার্নার। জানুয়ারির পর এটি ছিল তাঁর প্রথম গোল।

এভারটনের খেলোয়াড়রা উচ্ছ্বসিত

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে এভারটন। কেইরন ডিউসবারি-হলের পাস থেকে বাঁ প্রান্তে বল পেয়ে ক্রস বাড়ান থিয়ের্নো বারি। কাছ থেকে সহজেই বল জালে পাঠান হেইডেন হ্যাকনি। মিডলসব্রো থেকে গ্রীষ্মে এভারটনে যোগ দেওয়া গত মৌসুমের চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের এটি ছিল ক্লাবটির হয়ে প্রথম গোল।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিউক্যাসলের

বিরতির পর অ্যান্থনি এলাঙ্গা, জোয়েলিন্টন ও ইয়োনে উইসাকে মাঠে নামিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নিউক্যাসল। কিন্তু এভারটনের রক্ষণ ভাঙতে পারেনি তারা। বরং ৬৯ মিনিটে তৃতীয় গোল করে ম্যাচের ভাগ্য নিশ্চিত করেন থিয়ের্নো বারি। ডিউসবারি-হলের ক্রস থেকে বক্সের ভেতর জায়গা তৈরি করে নিখুঁত শটে নিজের সপ্তম গোলটি করেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে ১১ ম্যাচে এটি তাঁর সপ্তম গোল।

ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে ড্যান বার্নের হেড থেকে একটি গোল শোধ করে নিউক্যাসল। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ২০২৫ সালে যে প্রতিযোগিতার শিরোপা জিতেছিল নিউক্যাসল, এবার সেই লড়াই থেকে বিদায় নিতে হলো তাদের।

spot_imgspot_img
spot_img

Related Articles