বাংলাদেশের হ্যান্ডবলে পর্তুগিজ কোচ ফার্নান্দো মিগুয়েল যুক্ত হচ্ছেন। তিনি জাতীয় নারী হ্যান্ডবল দলের দায়ীত্ব পালন করবেন। আগামী ১ নভেম্বর বাংলাদেশে আসছেন তিনি। ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে জাতীয় দলের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন এই কোচ।
বাংলাদেশের হ্যান্ডবলের উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। বিশেষ করে, আগামী ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিতব্য ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে জাতীয় নারী দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ফার্নান্দো মিগুয়েল।
ফেডারেশনের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রমে খেলোয়াড়দের কারিগরি দক্ষতা, কৌশলগত সক্ষমতা, শারীরিক প্রস্তুতি এবং দলীয় সমন্বয় উন্নয়নে আধুনিক প্রশিক্ষণপদ্ধতি প্রয়োগ করা হবে। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই কোচের দিকনির্দেশনা নারী দলের প্রস্তুতিকে আরও কার্যকর করে তুলবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক অঙ্গনে সমৃদ্ধ অভিজ্ঞতা
ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেস পর্তুগাল জাতীয় দলের হয়ে ৭০টি আন্তর্জাতিক সিনিয়র ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবনে ইউরোপীয় ও বিশ্ব পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তিনি।
১৯৯২ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন ফার্নান্দো। এর আগে ১৯৯১ সালে পর্তুগালে লাতিন কাপ চ্যাম্পিয়নশিপ জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর। এ ছাড়া ১৯৯৫ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক অর্জন করেন তিনি। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ পর্তুগিজ সরকারের ক্রীড়া মেধা পদকেও ভূষিত হয়েছেন এই কোচ।
ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা
ক্লাব পর্যায়েও ফার্নান্দোর রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব স্পোর্টিং ক্লুব দে পর্তুগালের হয়ে একাধিক মেয়াদে খেলেছেন তিনি। পাশাপাশি স্পেনের লিগা এএসওবিএএল-এর ক্লাব জুভেন্তুদ দেপোর্তিভা আরাতে এবং পর্তুগালের জিনাসিও ক্লুব দো সুল, ভিটোরিয়া দে সেতুবাল ও সিক্সাল ফুটবল ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন।
তাঁর ক্লাব ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে পর্তুগিজ জাতীয় লিগ শিরোপা, তিনবার পর্তুগিজ কাপ, পর্তুগিজ সুপার কাপ এবং ইএইচএফ চ্যালেঞ্জ কাপ জয়। এ ছাড়া ইউরোপীয় হ্যান্ডবলের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ইএইচএফ চ্যাম্পিয়নস লিগ, ইএইচএফ কাপ ও কাপ উইনার্স কাপেও অংশ নিয়েছেন তিনি।
এশিয়ান চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাড়তি গুরুত্ব
আগামী ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত হবে ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতাকে সামনে রেখে জাতীয় নারী দলের প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।
১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা ও দলীয় বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।
ফার্নান্দো মিগুয়েলের আন্তর্জাতিক অভিজ্ঞতা, আধুনিক প্রশিক্ষণপদ্ধতি এবং কৌশলগত দিকনির্দেশনা বাংলাদেশের নারী হ্যান্ডবলের উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারে, এখন সেটিই দেখার বিষয়। তাঁর অধীনে উন্নত প্রশিক্ষণ নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে বাংলাদেশের নারী হ্যান্ডবল দল।




