ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬-এর তৃতীয় দিন শেষে পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। অন্যদিকে প্রতিযোগিতায় এখন পর্যন্ত মোট ১৬টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সাঁতারুরা।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত ২৮ অক্টোবর থেকে রাজধানীর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে চার দিনব্যাপী এই প্রতিযোগিতা। আগামী ৩১ অক্টোবর শেষ হবে এবারের আসর।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রতিযোগিতার তৃতীয় দিনে সাঁতারে ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন প্রতিযোগীরা। এর আগে প্রথম দিনে ছয়টি এবং দ্বিতীয় দিনে আটটি ইভেন্টে জাতীয় রেকর্ড হয়েছিল। সব মিলিয়ে তিন দিনে ১৬টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে।
তৃতীয় দিনের সাঁতারে পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বাংলাদেশ নৌবাহিনীর মো. আসিফ রেজা ১৭ মিনিট ১২.৭৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। একই ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ দ্বিতীয় এবং ফয়সাল আহম্মেদ তৃতীয় স্থান অর্জন করেন।
নারীদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে বাংলাদেশ সেনাবাহিনীর জুঁই আক্তার ১০ মিনিট ৩৩.৪২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন। পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেনাবাহিনীর সুকুমার রাজবংশী ৩০.২১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন।

নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন বাংলাদেশ সেনাবাহিনীর ইরফানা খাতুন। তিনি সময় নেন ৩৪.৫৭ সেকেন্ড। এ ইভেন্টে আগের জাতীয় রেকর্ড ছিল ৩৪.৮৫ সেকেন্ড।
পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক—দুই ইভেন্টেই সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর ফাতিহা মাহতাব মাইশা প্রথম স্থান অর্জন করেন।
এ ছাড়া পুরুষদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে বাংলাদেশ নৌবাহিনী এবং নারীদের একই ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনী স্বর্ণপদক অর্জন করে। নারীদের রিলেতে ৯ মিনিট ৪৭.৯৯ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে সেনাবাহিনীর দল।
ডাইভিংয়েও নিজেদের আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। পুরুষদের ৫ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ে নৌবাহিনীর মো. ইমন হোসাইন ২১৩.৪৫ পয়েন্ট নিয়ে প্রথম হন। নারীদের একই ইভেন্টে ১২৭.৪৫ পয়েন্ট নিয়ে স্বর্ণ জেতেন নৌবাহিনীর অর্পা দাস।
তিন দিন শেষে পদক তালিকায় ২৮টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৫৯টি পদক নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১২টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জসহ মোট ৫২টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেএসপি দুটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ এবং নিকলী সুইমিং ক্লাব দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৩১ অক্টোবর বিকেল ৩টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
চার দিনের এই প্রতিযোগিতায় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলোতে দেশের বিভিন্ন সংস্থার সেরা অ্যাথলেটরা অংশ নিচ্ছেন। শেষ দিনে পদক লড়াই ও নতুন রেকর্ডের অপেক্ষায় থাকবেন ক্রীড়াপ্রেমীরা।


