বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিল দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। অভিজ্ঞদের পাশাপাশি তরুণ প্রতিভাদের সুযোগ দিয়ে ২০৩০ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়তে চান তিনি। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী মাসে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন এই ইতালিয়ান কোচ। ঘোষিত দলে নতুন মুখ পাঁচজন। আর ২৩ বছর বা এর কম বয়সী খেলোয়াড় রয়েছেন ১৫ জন।

গত সেপ্টেম্বরে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে এবারও বেশ কয়েকজন তরুণকে ধরে রেখেছেন আনচেলত্তি। আগের দুই ম্যাচে ব্রাজিল দলের খেলোয়াড়দের গড় বয়স ছিল ২৪.৪ বছর। এবার তা আরও কমে দাঁড়িয়েছে মাত্র ২২ বছরে। সর্বশেষ বিশ্বকাপে ব্রাজিল দলের গড় বয়স ছিল ২৯.৬ বছর। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, নতুন প্রজন্মকে সামনে রেখে দল পুনর্গঠনে কতটা গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি।
নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন জোনাথন জেসুস, আন্দ্রে লুইজ, মারলন গোমেজ, আলিসন সান্তানা ও অ্যালান। তাঁদের সবাই ২২ বছর কিংবা এর কম বয়সী। ক্লাব ফুটবলে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তাঁরা।
তরুণদের সুযোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে আনচেলত্তি বলেছেন, ‘প্রতিপক্ষের চেয়ে আমাদের কী দরকার, সেদিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি। দল ঢেলে সাজানো আমরা কী চাই। এটাই সেই আদর্শ সময়।’
দলে জায়গা ধরে রেখেছেন চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাও। যদিও ক্লাবটির হয়ে এ মৌসুমে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। এস্তেভাওকে ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে দেখছেন আনচেলত্তি। অন্যদিকে অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকারকে এবারও দলে ডাকেননি তিনি। কোচের মতে, আলিসনের সামর্থ্য সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা রয়েছে। তাই এই মুহূর্তে নতুনদের পরখ করাই বেশি গুরুত্বপূর্ণ।
অভিজ্ঞদের মধ্যে দলে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল মাগালায়েস। আনচেলত্তির চোখে নিয়মিত সুযোগ পাওয়া ছয় অভিজ্ঞ খেলোয়াড় ব্রাজিল দলের মেরুদণ্ড। তাঁদের সঙ্গে তরুণদের সমন্বয় ঘটিয়ে ভবিষ্যতের দল তৈরি করতে চান তিনি।

ব্রাজিলের ঘরোয়া লিগের শিরোপার লড়াইয়ে থাকা পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো ও আতলেতিকো মিনেইরোর খেলোয়াড়দের এবার দলে ডাকেননি আনচেলত্তি। তবে ঘরোয়া ফুটবলে খেলা ৬ জন রয়েছেন ঘোষিত স্কোয়াডে।
আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। একই ভেন্যুতে ১৭ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আনচেলত্তির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত দল গঠনের উপযুক্ত পথ খুঁজে বের করবে ব্রাজিল। এরপর ২০২৮ সালে প্রীতি ম্যাচ, কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে দলকে আরও সুসংহত করার লক্ষ্য তাঁর।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি, পেদ্রো মরিসকো। ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, কার্লোস আগুস্তো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জাইর কুনিয়া, জোনাথন জেসুস, ভ্যান্ডারসন, ভিতর রেইস, ওয়েসলি। মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, দানিলো, গ্যাব্রিয়েল বোনতেম্পো, জোয়াও গোমেজ, মারলন গোমেজ। ফরোয়ার্ড: আলিসন সান্তানা, অ্যালান, এস্তেভাও, রাফিনিয়া, রায়ান, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।


